অক্ষয়ের মেয়ের ‘নগ্ন’ ছবি চাওয়া সেই ব্যক্তি গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

অক্ষয়ের মেয়ের ‘নগ্ন’ ছবি চাওয়া সেই ব্যক্তি গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

সাইবার হয়রানির শিকার বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মেয়ে নিতারা ভাটিয়া। অনলাইনে গেম খেলার সময় নিতারাকে এই আপত্তিকর প্রস্তাব দেওয়া হয়, খেলার মাঝেই জনৈক ব্যক্তি নিতারার কাছে নগ্ন ছবি চেয়ে বসেন। বিষয়টি জানতে পেরেই মহারাষ্ট্র সাইবার সেলের দ্বারস্থ হয়েছিলেন অক্ষয়। তদন্তে নামে পুলিশও। এবার খবর, তারকাকন্যাকে অশ্লীল মেসেজ পাঠানো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি মহারাষ্ট্রের রাজ্য পুলিশের সদর দফতরে ‘সাইবার সচেতনতা মাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয়। সেখানেই সাইবার অপরাধের বিষয়ে সকলকে সচেতন করতে গিয়ে বলিউডের ‘খিলাড়ি’ নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কথা জানান।

অভিনেতা বলেন, “ঘটনাটা ২০২৫ সালের। নিতারা ভিডিও গেম খেলছিল। ওই গেমের সূত্রেই এক জনের সঙ্গে ওর আলাপ হয় সমাজমাধ্যমে। ওই ব্যক্তি আচমকাই নিতারার লিঙ্গ পরিচয় জানতে চান। আমার মেয়ে নিজেকে ‘মহিলা’ বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই ব্যক্তির আচরণ বদলে যায়! কিছুক্ষণ বাদেই আমার মেয়ের নগ্ন ছবি চেয়ে বসেন ওই ব্যক্তি। কিন্তু, আমার মেয়ে বুদ্ধি খাটিয়ে তখনই গেম খেলা বন্ধ করে মায়ের কাছে ছুটে আসে। গোটা ঘটনাটা জানায়। এভাবেই তো অপরাধ প্রবণতা বাড়ে। সাইবার ক্রাইম শুরু হয়।”

ওই অনুষ্ঠানে মহারাষ্ট্র পুলিশের সাইবার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা যশস্বী যাদবও এই ঘটনা শুনে প্রশংসা করেন অক্ষয়-কন্যা নিতারার সাহসিকতার।

তিনি বলেন, ‘‘মেয়েটি অত্যন্ত সাহসী যে, বাবা-মাকে গোটা বিষয়টা বলতে পেরেছে। তার ফলে আমরাও জানতে পেরেছি ও উপযুক্ত পদক্ষেপ করতে পেরেছি।’’