অগ্রিম বুকিংয়ে মাত করছে ‘ককটেল ২’ | চ্যানেল আই অনলাইন

অগ্রিম বুকিংয়ে মাত করছে ‘ককটেল ২’ | চ্যানেল আই অনলাইন

মুক্তির আর মাত্র একদিন দূরে বলিউডের বহুল প্রতীক্ষিত রোম্যান্টিক ড্রামা ‘ককটেল ২’। তার আগেই ছবিটির অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান প্রযোজকদের মুখে হাসি ফুটিয়েছে। ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পর্যন্ত ছবিটির ৭১ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্লক সিট বাদ দিয়ে ছবিটির অগ্রিম গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ২.৪৯ কোটি টাকা। আর ব্লক সিট যুক্ত করলে সেই অঙ্ক বেড়ে ৪.৬৬ কোটিতে পৌঁছেছে। ফলে মুক্তির আগেই ছবিটি বক্স অফিসে ইতিবাচক ইঙ্গিত দিতে শুরু করেছে।

অগ্রিম বুকিংয়ে সবচেয়ে বেশি সাড়া মিলেছে দিল্লি-এনসিআর অঞ্চলে, যেখানে ছবিটি প্রায় ৯৬ লক্ষ টাকার ব্যবসা করেছে। এরপর রয়েছে মুম্বাই, যেখানে অগ্রিম বুকিং থেকে এসেছে প্রায় ৬৪ লক্ষ টাকা। বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে, কলকাতা এবং আহমেদাবাদেও দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি ‘ককটেল’-এর সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে ‘ককটেল ২’। প্রথম ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাডুকোন এবং ডায়ানা পেন্টি। নতুন ছবিতে সেই জায়গায় দেখা যাবে শহিদ কাপুর, রাশমিকা মান্দানা এবং কৃতি শ্যাননকে। আগের ছবির মতো এবারও পরিচালনার দায়িত্বে রয়েছেন হোমি আদাজানিয়া।

এদিকে ছবির নতুন গান ‘বন্ধু ২.০’-ও সোশ্যাল মিডিয়ায় ভালো সাড়া পাচ্ছে। জনপ্রিয় গান ‘তুমহি হো বন্ধু’-র নতুন সংস্করণ হিসেবে তৈরি হওয়া এই ট্র্যাকটি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষাধিক দর্শক দেখেছেন। গানটিতে শহিদ কাপুর, রাশমিকা  মান্দানা ও কৃতি শ্যাননের প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে।