অধিবেশনে বিরোধী দলের দেওয়া স্লোগান আইন ও রীতির পরিপন্থি: স্পিকার | চ্যানেল আই অনলাইন

অধিবেশনে বিরোধী দলের দেওয়া স্লোগান আইন ও রীতির পরিপন্থি: স্পিকার | চ্যানেল আই অনলাইন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, সংসদের উদ্বোধনী অধিবেশনে বিরোধী দলের দেওয়া স্লোগান আইন ও রীতির পরিপন্থি। এটি সংসদীয় রীতিনীতির বাইরে চলে গেছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এসব মন্তব্য করেন। এসময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও উপস্থিত ছিলেন। তাদের স্বাগত জানান ঢাকার জেলা প্রশাসক রেজাউল করিম এবং ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

স্মৃতিসৌধের মূল বেদিতে প্রথমে স্পিকার এবং পরে ডেপুটি স্পিকার পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন স্পিকারের নিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলার দায়িত্বে থাকা সার্জেন্ট-অ্যাট-আর্মস। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং শহীদদের স্মৃতির প্রতি নীরব শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, অধিকাংশ সংসদ সদস্য প্রথমবার সংসদে এসেছেন, তাই সংসদীয় রীতিনীতির সঙ্গে পরিচিত হতে কিছুটা সময় লাগবে। তবে তারা যা করেছেন তা তাদের অধিকারের মধ্যে। আশা করি, তারা সংসদীয় রীতির পরিপন্থী অন্য কোনো কাজ করবেন না।

তিনি আরও বলেন, সরকার ও বিরোধীদল মিলেই আমরা জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হব। আমরা চাই ঐক্যবদ্ধ সংসদ ও জাতি, যা দেশের সামাজিক নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সংসদ সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে।