দেশের অধিকাংশ স্বাভাবিক ব্যক্তি (ইনডিভিজুয়াল) করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে প্রবীণ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এ বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে।
রোববার বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করেছে এনবিআর। এতে চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই রয়েছে।
আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-ট্যাক্স পোর্টালের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
বিশেষ আদেশ অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদপত্র দাখিল সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা এ বাধ্যবাধকতার আওতায় থাকবেন না। তবে তাঁরা চাইলে স্বেচ্ছায় অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
আদেশে আরও বলা হয়েছে, ই-রিটার্ন ব্যবস্থায় নিবন্ধন বা কারিগরি সমস্যার কারণে কোনো বাধ্যতামূলক করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে তিনি সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে ওই করদাতাকে কাগজে (পেপার) রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হবে।
এনবিআর জানিয়েছে, করব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও সহজ করতে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে করদাতারা ঘরে বসেই নিরাপদ ও দ্রুত রিটার্ন জমা দিতে পারবেন। একই সঙ্গে কর প্রশাসনের কার্যক্রমও আরও গতিশীল হবে।
বিশেষ আদেশ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।





