অভিনেত্রী তিশা কি কনকচাঁপার মেয়ে? এবার মুখ খুললেন সংগীতশিল্পী

অভিনেত্রী তিশা কি কনকচাঁপার মেয়ে? এবার মুখ খুললেন সংগীতশিল্পী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং কিংবদন্তি সংগীতশিল্পী কনকচাঁপার মধ্যকার সম্পর্ক নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। বিশেষ করে, মাঝে মধ্যেই অভিনেত্রী তিশা গায়িকার মেয়ে কি-না, এমন প্রশ্ন দেখা যায়। দু’জনের চেহারায় কিছুটা মিল থাকার কারণে অনেকেই অভিনেত্রীকে কনকচাঁপার মেয়ে বলে মনে করেন।

এতদিন এ নিয়ে নানা চর্চা ও প্রশ্ন থাকলেও, এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গায়িকা কনকচাঁপা। জানিয়েছেন তিশা তার মেয়ে নন। তবে তাকে মেয়ের মতোই ভালোবাসেন এই গুণী সংগীতশিল্পী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে নিজেদের একটি ছবি পোস্ট করে এ ব্যাপারে কথা বলেছেন কনকচাঁপা। ছবিতে তাদের পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। গায়িকা জানিয়েছেন―কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তোলা হয়েছে ছবিটি।

অভিনেত্রী তিশার সঙ্গে সম্পর্কের ব্যাপারে কনকচাঁপা লিখেছেন, ‘তিশা খুবই ভালো একজন অভিনয়শিল্পী এবং আমি তার ভক্ত। আবার তিশাও আমাকে অনেক পছন্দ করে এবং মায়ের মতোই শ্রদ্ধা করে।’

এরপরই তার সঙ্গে সম্পর্কের ব্যাপারে গায়িকা লিখেছেন, ‘ছবিটি অনেকদিন আগে আমেরিকার ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তোলা। আমি মনে মনে ভাবছিলাম, তিশার সঙ্গে ছবি তুলি। ঠিক সেই মুহূর্তেই তিশা বলল, “মা আসো, আমরা ছবি তুলি। সারা পৃথিবীর মানুষ আমাকে তোমার মেয়ে জানে, সেক্ষেত্রে তোমাকে মা ছাড়া আর কী ডাকি বল?”’

কনকচাঁপা আরও লিখেছেন, ‘যাইহোক, সত্যি কথা হলো তিশা আমার কন্যা নয়। আমার চেহারার সঙ্গে তিশার কোথাও কোনো মিল হয়তো আছে; এ জন্যই আপনারা এভাবে ভাবতে ভালোবাসেন।’

এ গায়িকা নিজের একমাত্র মেয়ের পরিচয়ও জানিয়েছেন পোস্টে। তার মেয়ের নাম ফারিয়া ইসলাম খান। তবে তিশাকে ঠিকই নিজের মেয়ের মতোই ভালোবাসেন তিনি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সবশেষ কনকচাঁপা আশা প্রকাশ করেন, এবার হয়তো তিশাকে তার মেয়ে হিসেবে মনে করার ধারণা বদলে যাবে সবার। পাশাপাশি সবাইকে ভালো থাকার শুভ কামনাও জানিয়েছেন এ গায়িকা।