চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ উদ্যোগে আয়োজিত ‘কৃষি বাজেট, কৃষকের বাজেট’ আলোচনার সুপারিশ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে হস্তান্তর করেছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
শনিবার (২৩ মে) অনুষ্ঠানে কৃষি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্সসহ আধুনিক তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কৃষি খাত বরাবরই সরকারের অগ্রাধিকারে রয়েছে এবং এবারও বাজেট প্রণয়নে কৃষি ও কৃষকের স্বার্থকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের মতামত গ্রহণ করে নীতিনির্ধারণ করা সরকারের অগ্রাধিকার। কৃষি উন্নয়নে প্রযুক্তিনির্ভর আধুনিকায়নের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ দীর্ঘদিনের কৃষি সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে কৃষি খাত উন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন। তিনি বলেন, কৃষি বাজেট ও কৃষকের বাস্তব চাহিদা বিবেচনায় নীতি গ্রহণ এখন সময়ের দাবি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে কৃষিকে উন্নয়ন দর্শনের কেন্দ্রবিন্দুতে রাখা এবং বর্তমান নেতৃত্বেও কৃষি ও কৃষকের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আলোচনায় উঠে আসে।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ানও সুপারিশ গ্রহণ করে কৃতজ্ঞতা জানান এবং কৃষি উন্নয়নে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেন।






