অস্কারজয়ী প্রখ্যাত আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার মারা গেছেন। গেল ১৬ জুলাই ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর খবর গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন তার এজেন্ট ফিল বেলফিল্ড।
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত কালজয়ী সিনেমা ‘মাই লেফট ফুট’-এ এক কালজয়ী অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ব্রেন্ডা ফ্রিকার। ছবিতে সেরিব্রাল পালসিতে আক্রান্ত লেখক ও শিল্পী ক্রিস্টি ব্রাউনের মায়ের চরিত্রে তার অনবদ্য অভিনয় আজও সিনেপ্রেমীদের চোখে জল এনে দেয়।
অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ১৯৯০ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার অ্যাওয়ার্ড লাভ করেন ব্রেন্ডা। পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি এক ইতিহাস সৃষ্টি করেন। কারণ তিনিই ছিলেন অভিনয়ের জন্য অস্কার জেতা প্রথম আইরিশ নারী। একই চলচ্চিত্রে ক্রিস্টি ব্রাউনের ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার অস্কার জিতেছিলেন প্রখ্যাত অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস।
দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে ব্রেন্ডা ফ্রিকার রূপালী পর্দা, টেলিভিশন ও মঞ্চ তিন মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তার প্রয়াণ বিশ্ব সিনেমার জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মত অভিনেত্রীর ভক্তদের।




