এএফসি এশিয়ান কাপে খেলতে গত মাসে অস্ট্রেলিয়ায় পা রাখে ইরানের নারী ফুটবল দল। এর কয়েক দিন পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে। এর মধ্যে ইরানের ফুটবলাররা গ্রুপ পর্বে প্রথম ম্যাচের আগে জাতীয় সংগীতে গলা না মেলানোয় দেশের অভ্যন্তরে বিরূপ প্রতিক্রিয়া হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাঁদের ‘যুদ্ধকালীন বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করলে খেলোয়াড়দের নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেন অনেকে, যার মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
ইরানের ফুটবল দলটি গত রোববার এশিয়ান কাপ থেকে বিদায় নেওয়ার পর মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া ছাড়ে। তবে ইরানি বংশোদ্ভূত অস্ট্রেলীয়রা তাঁদের সিডনি ত্যাগ আটকে দিতে টিম হোটেলের সামনে ও বিমানবন্দরে অবস্থান নেন। তাঁরা আশঙ্কা করেন দেশে ফিরলে এই খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টকে জানান, ইরানের দলটি সিডনি ছেড়ে যাওয়ার সময় অস্ট্রেলীয় কর্মকর্তা এবং দোভাষীরা খেলোয়াড়দের প্রত্যেককে আলাদাভাবে ডেকে নিয়ে মানবিক আশ্রয়ের প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেন, ‘তাদের পছন্দ করার সুযোগ দেওয়া হয়েছিল। আমরা নিশ্চিত করেছি যেন সেই পরিস্থিতিতে কোনো তাড়াহুড়ো বা চাপ না থাকে।’




