অস্ত্রোপচারের পর সাড়া দিচ্ছেন চিত্রশিল্পী মাসুক হেলাল | চ্যানেল আই অনলাইন

অস্ত্রোপচারের পর সাড়া দিচ্ছেন চিত্রশিল্পী মাসুক হেলাল | চ্যানেল আই অনলাইন

দেশের প্রখ্যাত চিত্রশিল্পী, সাংবাদিক ও শিল্প নির্দেশক মাসুক হেলালের মস্তিষ্কে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়েই তার অপারেশন সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকরা তার অবস্থার উন্নতির বিষয়ে আশাবাদী।

মাসুক হেলালের রোগের নাম ‘সাবডুরাল হেমাটোমা’ (Subdural hematoma)। গুরুতর অসুস্থ হয়ে তিনি সম্প্রতি হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের পরামর্শে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে মাসুক হেলালের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের বার্তা শেয়ার করছেন। শুক্রবার সকালে তিনি ডা. বরেণ চক্রবর্তীর একটি বার্তা প্রকাশ করেন। সেখানে বলা হয়, রাতেই সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে এবং আপাতত তিনি হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

বার্তায় আরও বলা হয়, রাত ১টার দিকে চিকিৎসকরা তাকে সর্বশেষ পর্যবেক্ষণ করেছেন। আপাতত তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, তবে আশা করা হচ্ছে একদিনের মধ্যেই লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়া সম্ভব হবে।

এদিকে শুক্রবার দুপুরে মাসুক হেলালের সার্জন ডা. বি করিমের (নিউরোসার্জন) আরেকটি বার্তাও ফেসবুকে শেয়ার করেন আনিসুল হক। সেখানে তিনি জানান, মহান আল্লাহর রহমতে রোগীর অবস্থা ভালো। তিনি এখন জেগে আছেন, কথা বলতে ও যোগাযোগ করতে পারছেন এবং হাত-পায়ের নড়াচড়া স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তার জন্য এখনো তার গলায় শ্বাসনালির টিউব (ইটি টিউব) রাখা হয়েছে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে কিছু ওষুধ দেওয়া হচ্ছে। চিকিৎসকের অনুরোধ অনুযায়ী আপাতত দর্শনার্থী না যাওয়ার আহ্বান জানানো হয়েছে এবং সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

চিত্রশিল্পী মাসুক হেলালের জন্ম কুমিল্লার বড়ুরা থানার গোহালিয়ায়। তিনি কুমিল্লা কোটবাড়ির ল্যাবরেটরি স্কুলে পড়াশোনা করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৮৭ সালে চিত্রকলা বিষয়ে পড়াশোনা শেষ করেন।

দীর্ঘদিন ধরে তিনি অসংখ্য বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন। পাশাপাশি কাজ করেছেন ইত্তেফাক, বিচিত্রা, বিচিন্তা ও জনকণ্ঠ পত্রিকায়। বর্তমানে তিনি দৈনিক প্রথম আলোর সিনিয়র আর্টিস্ট ও সিনিয়র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিল্প নির্দেশক হিসেবেও মাসুক হেলালের রয়েছে উজ্জ্বল অবদান। হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ এবং শাহরিয়ার কবিরের ‘৭১-এর যিশু’সহ গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে শিল্প নির্দেশনার জন্য তিনি বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

আঁকাআঁকির পাশাপাশি লেখালেখিতেও যুক্ত আছেন মাসুক হেলাল। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘আঁখি মঞ্জিয়া দেখি রূপ’, ‘কয়েকজন’ এবং ‘চর্জা পাম খাবে’। মাসুক হেলালের দ্রুত সুস্থতা কামনা করে ফেসবুকে তাকে নিয়ে কথা বলছেন সহকর্মী, শুভানুধ্যায়ী, সাহিত্য ও সংস্কৃতিজগতের মানুষেরা।