অস্ত্র-মাদক উদ্ধার ও ক্লুলেস মামলা উদঘাটনে সাফল্য, পুরস্কৃত ডিবি ইনচার্জ মানবেন্দ্র

অস্ত্র-মাদক উদ্ধার ও ক্লুলেস মামলা উদঘাটনে সাফল্য, পুরস্কৃত ডিবি ইনচার্জ মানবেন্দ্র

সাইফুল ইসলাম : অস্ত্র ও মাদক উদ্ধারসহ একাধিক ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র বালোকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. সারওয়ার আলম সফলতার স্বীকৃতিস্বরূপ মানবেন্দ্র বালোর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনের সময় মানবেন্দ্র বালো অস্ত্র ও মাদক উদ্ধারে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেন। পাশাপাশি বিভিন্ন ক্লুলেস ও চাঞ্চল্যকর মামলার তদন্তে দক্ষতার পরিচয় দিয়ে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমে এসব সাফল্য এবং পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে এ বিশেষ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার মো. সারওয়ার আলম ডিবি পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি অপরাধ দমন, মাদক নির্মূল এবং অমীমাংসিত মামলার রহস্য উদঘাটনে আরও দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।