<![CDATA[
রাজধানীসহ সারা দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে থাকে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। রোববার (৬ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
আওয়ামী লীগের ‘বিশেষ বর্ধিত সভা’ আগামীকাল রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা, জাতীয় সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়ররা এবং সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।
বিশেষ বর্ধিত সভা উপলক্ষে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা অনুযায়ী গণভবনে অনুষ্ঠিতব্য বিশেষ বর্ধিত সভায় আমন্ত্রিত নেতৃবৃন্দ বিজয় স্মরণি দিয়ে জাতীয় সংসদের লেক রোড হয়ে গণভবনের ১নং গেট দিয়ে প্রবেশ করবেন।
ভায় অংশগ্রহণকারীদের ব্যক্তিগত গাড়ি ডিএমপি পুলিশের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠ) পার্কিং করতে হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই নির্দেশনা মেনে চলার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।
বিএনপির কর্মসূচি
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. ডাক্তার জুবাইদা রহমানের মামলার রায়ের প্রতিবাদে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিকী অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
নৌবাহিনীর সাবেক প্রধান, সাবেক মন্ত্রী ও তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ মাগরিব ধানমন্ডি মাহবুব আলী খান ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপি সিনিয়র নেতারা, অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা ও বিশিষ্টজনেরা।
সেমিনার
বেলা সাড়ে ১১টায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে হার্টের পেসমেকার ও ভাল্বসহ অন্যান্য ইকুইপমেন্ট সংশ্লিষ্ট আইন অনুযায়ী ন্যায্য মূল্যে বিক্রয়ের লক্ষ্যে মেডিকেল ডিভাইস ইমপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যদের অংশগ্রহণে একটি সেমিনার এর আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান এবং সভাপতিত্ব করবেন অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
পান্না কায়সারের মরদেহ নেয়া হবে শহীদ মিনারে
বিশিষ্ট লেখক, সমাজসেবক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মরদেহ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।
]]>



