নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আটক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে (২১) থানায় দেখতে গিয়ে তার বাবা আব্দুল মান্নান (৫৮) আটক হয়েছেন। পরে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বাবা-ছেলেকে কারাগারে পাঠায়।
এর আগে সোনাইমুড়ী বাজার থেকে সাব্বির আহমদকে আটক করে পুলিশ। স্থানীয়ভাবে জানা গেছে, তিনি চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয়দের দাবি, সাব্বিরকে আটকের খবর পেয়ে তাকে দেখতে থানায় যান তার বাবা আব্দুল মান্নান। সেখানে পুলিশ তাকেও আটক করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, সাব্বিরকে শুধু ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেয়া হচ্ছে এবং বাবা-ছেলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি থানার সামনে ঘোরাঘুরি করলে তাকে আইনের আওতায় আনতে হয়। বাবা-ছেলেকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বললেন, শেখ হাসিনা লক্ষ্ণণ সেনের মতো পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের এতিম করে দিয়েছেন। এখন তিনি ফিরে আসবেন, এমন বক্তব্য দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামি। তাকে আসামি হয়েই দেশে ফিরতে হবে।
নগরীর বাকলিয়া এক্সেস রোডের মৌসুমি মোড়ে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে চকবাজার ও বৃহত্তর বাকলিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিএনপি নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখে দিতে হবে।
তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাজনৈতিকভাবে পরাজিত শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে। রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করার অংশ হিসেবে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা এবং আগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।


