<![CDATA[
অস্ট্রেলিয়ার জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা প্রথম ক্রিকেটার ফেইথ থমাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। ১৯৫৮ সালে মেলবোর্নের জাংশন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে খেলেছিলেন তিনি।
দক্ষিণ অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার রেঞ্জের কোলব্রুক হোমে বেড়ে উঠেছেন থমাস। সেখানে ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতেন তিনি। তবে সরঞ্জাম না থাকায় নিজের তৈরি ব্যাট এবং পাথর দিয়ে নোংরা রাস্তায়ই প্রস্তুতি চালিয়েছেন সাবেক এই ক্রিকেটার। জীবনের এক পর্যায়ে অ্যাডিলেডের রয়্যাল অ্যাডিলেড হাসপাতালে নার্সিং পড়ার সুযোগ পান থমাস। সেখান থেকেই ক্রিকেটে নিজেকে শানিয়ে নিয়েছেন এই ক্রিকেটার।
নার্সিং পড়ার সময়ই অ্যাডিলেডের বিভিন্ন ক্লাবে খেলা শুরু করেন থমাস। কিছুদিন পরেই সুযোগ আসে দক্ষিণ অস্ট্রেলিয়ায় খেলার। সেখানেও নজর কেড়ে বছরখানেকের মধ্যে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান। তবে এক ম্যাচই খেলা হয়েছিল থমাসের। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড সফরের জন্য ডাক পেলেও যাননি তিনি। পরবর্তীতে নার্সিংকেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন।
আরও পড়ুন: এবার জিম্বাবুয়েতে টি-টেন লিগ
খুব বেশিদিন পেশাদার ক্রিকেটে না খেললেও অস্ট্রেলিয়ায় আদিবাসী ক্রিকেটের অন্যতম অগ্রদূত থমাস। তিনিই প্রথম শেকল ছেড়ে বেরিয়ে আসার পথ দেখিয়েছিলেন। মৃত্যুকালে তার সেই অবদানের বিষয়টা আবারও স্মরণ করিয়ে দিলেন অস্ট্রেলিয়া নারী দলের ক্রিকেটার হান্নাহ ডার্লিংটন।
ফেইথ থমাসের মৃত্যুতে টুইটারে তিনি লিখেছেন, ‘তিনি আমার মতো আদিবাসী ক্রিকেটারদের পথপ্রদর্শক। আমরাও যে অস্ট্রলিয়ার হয় ক্রিকেট খেলার স্বপ্ন পূরণ করতে পারি, তিনিই সেটা দেখিয়েছেন। তার মতো একজন অগ্রদূতকে ভীষণ মিস করব।’
থমাসের মৃত্যুতে বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। সোমবার (১৭ এপ্রিল) তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিএ প্রধান নিক হকলি।
]]>



