আফগানিস্তান টেস্টেও জয়ের লক্ষ্য, নজরে আরও তিন-চারজন খেলোয়াড়: বাশার – DesheBideshe

আফগানিস্তান টেস্টেও জয়ের লক্ষ্য, নজরে আরও তিন-চারজন খেলোয়াড়: বাশার – DesheBideshe


আফগানিস্তান টেস্টেও জয়ের লক্ষ্য, নজরে আরও তিন-চারজন খেলোয়াড়: বাশার – DesheBideshe
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ঢাকা, ২৯ সেপ্টেম্বর- চলতি বছর টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আরও চারটি ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে দুটি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং দুটি দক্ষিণ আফ্রিকার মাটিতে। এই চার ম্যাচকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগোতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কথাতেও সেই ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের যে টেস্ট সিরিজ আছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেটাকে বেশি গুরুত্ব দিয়ে এগোচ্ছি।’

আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে কয়েকজন নতুন খেলোয়াড়কে দেখার পরিকল্পনা থাকলেও ম্যাচ জয়ের লক্ষ্যেই দল মাঠে নামবে বলে জানিয়েছেন বাশার। তিনি বলেন, ‘একটা প্রশ্ন যে, পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যাব কি না—মনে হয় না। কারণ আমরা আফগানিস্তান টেস্ট ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজকে খুব সিরিয়াসলি নিচ্ছি। আমার মনে হয় আমরা একটি ভালো মোমেন্টামে আছি। সেই মোমেন্টামটা আমরা নষ্ট করতে চাই না।’

তবে এর মধ্যেও তিন-চারজন খেলোয়াড়কে দেখার চেষ্টা করা হবে বলে জানান প্রধান নির্বাচক। তাঁর ভাষায়, ‘আমরা অবশ্যই তিন-চারজন খেলোয়াড়কে দেখার চেষ্টা করব। কিন্তু আমাদের প্রথম অগ্রাধিকার থাকবে ম্যাচ কীভাবে জিতব।’

এদিকে দলের বেঞ্চের শক্তি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন বাশার। অস্ট্রেলিয়া সফরে নাহিদ রানা ও শরিফুল ইসলাম খেলতে না পারলেও অন্য বোলাররা দায়িত্ব সামলেছেন বলে জানান তিনি।

বাশার বলেন, ‘আমাদের দল যখন অস্ট্রেলিয়া গেছে, নাহিদ তখন খুব ভালো করছে, কিন্তু সে খেলতে পারেনি। শরিফুলও খেলতে পারেনি। কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে অলআউট করেছি। এটা আমাদের জন্য ভালো বিষয় যে আমাদের বেঞ্চ খুবই শক্তিশালী।’

এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬