আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ – DesheBideshe

আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ – DesheBideshe
প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা,১৫ অক্টোবর- সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, পাঁচবারের সাবেক সংসদ সদস্য এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আব্দুল হাই ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তিনি গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল এবং জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সৈনিক ছিলেন। বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং জনগণের সঙ্গে দলের সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে মরহুম আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিএনপির রাজনীতিতে আব্দুল হাইয়ের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন সময়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথের অন্যতম বিশ্বস্ত সৈনিক ছিলেন।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে আব্দুল হাইয়ের দৃঢ় অবস্থান ও রাজনৈতিক অবদান বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তারেক রহমান বলেন, আব্দুল হাইয়ের মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ, ত্যাগী ও আদর্শনিষ্ঠ নেতাকে হারিয়েছে। তার মৃত্যু দেশের জাতীয়তাবাদী রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

এস এম/ ১৫ অক্টোবর ২০২৬