LATEST
বাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, ‘প্রভাবিত’ শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর খুলনা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, ক্ষয়ক্ষতি হয়নি ফোনকলের খরচে স্বাস্থ্যসেবা পেত সাধারণ মানুষ, কেন তা বন্ধ হবে Gregor Paul: Wales upset shows New Zealand rugby may have a deeper problem বাউফলে রাতের হামলায় আহত ৪ ‘You play the best game you can’ New oestrogen research may change how scientists think about women’s ageing brains ১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
Top News

‘আমার ভিডিওগুলোতে সব সময় ব্যর্থতার দৃশ্যও রাখি’

‘আমার ভিডিওগুলোতে সব সময় ব্যর্থতার দৃশ্যও রাখি’

নাসা, অ্যাপলের চাকরি ছেড়ে এখন তিনি পুরোদস্তুর ইউটিউবার। প্রকৌশলের কারিকুরি কাজে লাগিয়ে তৈরি করেন মজার সব ভিডিও। পড়ুন মার্কিন কনটেন্ট নির্মাতা মার্ক রবার–এর লেখা।

মার্ক রবার

ছোটবেলায় আমার মাথায় পাগলাটে, উদ্ভট সব বুদ্ধি আসত। এখনো আসে। তবে যন্ত্রপ্রকৌশলী হওয়ার সুবাদে এখন আমার এমন কিছু দক্ষতা আছে, যা দিয়ে সেই ভাবনাগুলো আমি বাস্তবে রূপ দিতে পারি।

ছোটবেলায় সিঁড়ি দিয়ে ‘স্লিংকি’ (স্প্রিংয়ের মতো খেলনা, যা নিজে নিজেই সিঁড়ি বেয়ে নামতে পারে) নামাতে খুব ভালো লাগত। বড় হওয়ার পর এমন এক চলমান সিঁড়ি তৈরি করেছি, যা দিয়ে স্লিংকি নামতেই থাকে, নামতেই থাকে…।

প্রকৌশলবিদ্যাকে আমার কাছে মনে হয় অতিমানবীয় ক্ষমতা। এর সাহায্যে শুধু ইচ্ছাশক্তি আর দক্ষতা দিয়ে আপনি কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারবেন। শিশুদের আমি এটাই দেখাতে চাই। চাই তারা কৌতূহলী হোক, ব্যর্থতার অভিজ্ঞতা অর্জন করুক। চারপাশের পৃথিবীর সঙ্গে আরও বেশি করে যুক্ত হোক।

আগ্রহ থেকে ক্যারিয়ার

ক্যারিয়ার কোন পথে যাবে, এসব নিয়ে কখনোই খুব বেশি ভাবিনি। বরং যে কাজগুলো আমাকে সত্যিই আকৃষ্ট করত, সেগুলোই করে গেছি।

হাইস্কুলে পড়ার সময় পদার্থবিজ্ঞান ক্লাস আর ভিডিও বানানো ভালো লাগত। যদিও ভিডিও তৈরির খুব একটা ভালো সরঞ্জাম তখন ছিল না। মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগত না। কিন্তু জীবনে অনেকবার সেই সুযোগ এসেছে। আর সত্যি বলতে, বক্তব্যটা তৈরির কাজ আমি উপভোগ করেছি।

(যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা) নাসায় যখন যন্ত্রপ্রকৌশলী হিসেবে কাজ করতাম, তখনো রাতে আর ছুটির দিনে অ্যানিমেশন বানাতাম। মূল কাজের পাশাপাশি শখের বশে করা সেই প্রকল্পগুলোই শেষ পর্যন্ত এমন কিছু অলংকরণে রূপ নিয়েছিল, যা নাসা তাদের মঙ্গল গ্রহে পাঠানো রোবটযানের জন্য ব্যবহার করেছিল।

নাসায় কাজ করতে গিয়ে ঝোলায় যোগ হয়েছে নানা দক্ষতা। যেমন একটা বড় সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে সমাধান। সেই সব দক্ষতাই এখন খেলনা তৈরির কাজে লাগাই।

আমার তো মনে হয় খেলনা তৈরি করা মহাকাশ প্রকৌশলী হওয়ার চেয়েও কঠিন। নাসায় কোনো সমস্যা দেখা দিলে সমাধানের জন্য প্রচুর টাকাপয়সা খরচ করার সুযোগ থাকে। কিন্তু খেলনা বানাতে হয় অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে। এত সীমাবদ্ধতা মেনে নিয়ে মজার কিছু তৈরি করা মঙ্গল গ্রহে রোবটযান পাঠানোর চেয়েও চ্যালেঞ্জিং।

যে দেশে ভাইয়েরা রাঁধেন বোনদের জন্য

সন্তানের অটিজম

আমার ছেলের বয়স ১৯ বছর। সে অটিস্টিক। বছরের পর বছর রাতে আমরা তার খেলনা পুতুলগুলো নিয়ে একই রুটিন মেনে চলছি। একই কাজ বারবার করতে তার ভালো লাগে। তাই আমার পুরোনো কৌতুকগুলোও প্রতিদিন রাতে তাকে একই রকম হাসায়। একজন বাবা হিসেবে এর চেয়ে বেশি আর কী চাইতে পারি!

আমরা এমন এক পুঁজিবাদী সমাজে বাস করি, যেখানে সাফল্যের সঙ্গে প্রায়ই জিডিপিতে আপনার অবদান কতটা, তা মিলিয়ে দেখা হয়। কিন্তু আমার মনে হয়, সাফল্যের আরও ভালো একটি সংজ্ঞা হতে পারে—আপনি পৃথিবীটাকে যেই অবস্থায় পেয়েছিলেন, তার চেয়ে একটু ভালো অবস্থায় রেখে যেতে পারছেন কি না।

এমন কিছু মানুষ আছেন, যাঁরা প্রচলিত মানদণ্ডে ভীষণ সফল। কিন্তু আমার কাছে তাঁরা অনুপ্রেরণা নন। কারণ, তাঁরা পৃথিবীটাকে আগের চেয়ে ভালো অবস্থায় রেখে যাচ্ছেন না।

অন্যদিকে আমার ছেলে আর তার বন্ধুরা আমাদের মতো সাধারণ মানুষের তুলনায় অনেক বড়। ভীষণ আমুদে, নিষ্পাপ। আমার সৌভাগ্য, তাকে জানার সুযোগ আমার হয়েছে।

সে অটিস্টিক বলে আমরা কখনো এক ফোঁটা চোখের জলও ফেলিনি। বরং বিষয়টিকে সাদরে গ্রহণ করেছি।

আজ যদি কেউ আমাকে এমন একটি বোতাম দেয়, যেটা চাপলে আমার ছেলের অটিজম দূর হয়ে যাবে, সেই সঙ্গে আমাকে দেওয়া হবে ১০০ কোটি ডলার, তবু আমি সেই বোতামের ১০০ ফুটের মধ্যে যাব না।

মায়ের প্রভাব

আমার মা ক্যারোলিনের অ্যামায়োট্রফিক ল্যাটারাল সেক্লরোসিস বা এএলএস ছিল। এটি স্নায়ুতন্ত্রের একটি গুরুতর রোগ। মায়ের রোগটা ছিল বিরল।

প্রায় ১৫ বছর আগে, আমার প্রথম ইউটিউব ভিডিও তৈরির ছয় মাস আগে তিনি মারা যান।

মা একটি প্রবাদ খুব পছন্দ করতেন। ‘একটি সমাজ তখনই সুন্দর হয়ে ওঠে, যখন প্রবীণেরা এমন গাছ লাগান, যার ছায়ায় তাঁরা নিজেরা কখনো বসতে পারবেন না।’ সন্তানদের বড় করে তোলার কাজটা মা খুব ভালোবাসতেন। নিজের লাগানো গাছের ছায়ায় বসার সুযোগ তিনি পাননি। অথচ আমার জীবনে অন্য যে কারও চেয়ে তাঁর প্রভাবই সবচেয়ে বেশি।

আপনার কাজের প্রভাব আদতে কত দূর পর্যন্ত পৌঁছাবে, তা পুরোপুরি জানা অসম্ভব।

যত বেশি সম্ভব শিশুর মনে যেন প্রকৃতি ও চারপাশের পৃথিবী সম্পর্কে কৌতূহল জাগিয়ে যেতে পারি, এটুকুই আমার চাওয়া। এআইয়ের এই যুগে শিশুদের পকেটে থাকা যন্ত্রেই যেকোনো প্রশ্নের উত্তর মিলবে। তাই তাদের মনে কৌতূহল জাগানো এখন আরও বেশি গুরুত্বপূর্ণ।

ভিডিও গেম থেকে শেখা

আমার ভিডিও দেখার পর কোনো শিশু যখন ঘরের চারদিকে তাকাবে, আমি চাই, তার মনে কোনো একটা প্রশ্ন জাগুক।

আশা করি, তারা নিজেরা নানা কিছু বানাবে, পরীক্ষা-নিরীক্ষা করবে। প্রথম চেষ্টায় হয়তো সফল হবে না। তবু চেষ্টাটা তারা করুক। কারণ, প্রথম চেষ্টাতেই সবকিছু ঠিকঠাক হয়ে গেলে বুঝতে হবে, আপনি যথেষ্ট ঝুঁকি নিচ্ছেন না।

আমার ভিডিওগুলোতে সব সময় ব্যর্থতার দৃশ্যও রাখি। প্রতিবারই কিছু না কিছু ভুল হয়। শিশুদের দেখা দরকার, আমার নিজের কাজও প্রথম চেষ্টায় সব সময় ঠিকঠাক হয় না। এটা পুরো প্রক্রিয়ারই অংশ।

ছোটবেলায় আমি সুপার মারিও ব্রস নামে একটা ভিডিও গেম খেলতাম। খেলতে গিয়ে যখন আমার চরিত্রটি মারা যেত, হাল ছেড়ে দিতাম না। বরং ভুল থেকে শিখতাম। আবার চেষ্টা করার উৎসাহ পেতাম। জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রেও এই মনোভাব গুরুত্বপূর্ণ।

আমরা অনেক সময় জীবনের ব্যর্থতাগুলোকে অযোগ্যতা হিসেবে ধরে নিই। কিন্তু ব্যর্থতা খারাপ কিছু নয়। ব্যর্থতা পরিস্থিতিকে আরও চ্যালেঞ্জিং করে তোলে, আবার চেষ্টা করার সুযোগ দেয়।

ভেবে দেখুন, কোনো ভিডিও বা বইয়ে যদি দ্বন্দ্ব কিংবা উত্তেজনা না থাকে, তাহলে কি সেটা কারও ভালো লাগবে?

আমাদের জীবনেও দ্বন্দ্ব আর চ্যালেঞ্জ প্রয়োজন। এগুলো জীবনের কোনো ত্রুটি নয়, বরং জীবনেরই বৈশিষ্ট্য।

সূত্র: বিজনেস ইনসাইডার

More in Top News

View all

Latest news