ভারতে বিতর্কিত ব্যক্তিগত চিড়িয়াখানা চালানো এবং কোটিপতি ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিকে টেকসই উন্নয়নবিষয়ক অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাজ্যের নিউক্যাসল ইউনিভার্সিটি। এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক পরিবেশবিদ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে উত্তর ইংল্যান্ডের এই প্রতিষ্ঠানটি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই ভবিষ্যতে অবদানের জন্য অনন্ত আম্বানিকে ‘প্রফেসরশিপ অব প্র্যাকটিস’ পদবি দেওয়া হয়েছে। তারা দাবি করেছে, অনন্তের প্রতিষ্ঠিত চিড়িয়াখানা ‘ভানতারা’র কাজ তাদের বিশ্বমানের গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তবে এই নিয়োগের কড়া বিরোধিতা করেছেন বিশিষ্ট ভারতীয় ইতিহাসবিদ ও লেখক রামচন্দ্র গুহ। তিনি বলেন, সিদ্ধান্তটি অত্যন্ত বিভ্রান্তিকর। ভারতে এমন অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন, যারা টেকসই উন্নয়নে প্রকৃত ভূমিকা রাখছেন।
সমালোচনা করেছেন পরিবেশকর্মী প্রেরণা সিং বিন্দ্রাও। তার মতে, একটি ব্যক্তিগত চিড়িয়াখানাকে সংরক্ষণ কেন্দ্র হিসেবে প্রচার করা ভুল বার্তা দেয়। খাঁচায় প্রাণী বন্দি করা প্রকৃত সংরক্ষণ হতে পারে না।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়নের নিউক্যাসল শাখার সভাপতি অধ্যাপক ম্যাট পেরি জানান, পরিবেশগত ঝুঁকি ও বিতর্কের কারণে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা শুরুতেই এই সিদ্ধান্তের আপত্তি জানিয়েছিলেন।
ভারতে অনন্ত আম্বানির এই ভানতারা প্রকল্প ৩ হাজার ৫০০ একর জায়গাজুড়ে বিস্তৃত। অভিযোগ রয়েছে, বিতর্কিত ও অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপন্ন প্রাণী সেখানে আনা হয়েছে। জাতিসংঘের বিপন্ন প্রজাতি বাণিজ্য বিষয়ক সংস্থা সাইটসও তাদের এক তদন্তে প্রাণী আমদানির অনুমতিপত্রে অনিয়মের আভাস পায়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
যদিও ভানতারা ও আম্বানি পরিবার শুরু থেকেই বন্যপ্রাণী পাচার ও সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, ভানতারা মূলত একটি প্রাণী উদ্ধার ও সেবা কেন্দ্র।
