আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা

আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা

গ্রীষ্মকালীন দলবদলের শুরুটা দারুণভাবেই করেছিল বার্সেলোনা। দ্রুতই অ্যান্থনি গর্ডনের সঙ্গে চুক্তি সম্পন্ন করে কাতালান ক্লাবটি। পরে জার্মান ফরোয়ার্ড করিম আদেয়েমিকেও দলে ভিড়িয়েছে তারা। তবে এরপর থেকেই দলবদলে গতি হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

দলবদলের শুরু থেকেই বার্সেলোনার প্রধান লক্ষ্য ছিল একজন সেন্টার-ব্যাক এবং একজন সেন্টার-ফরোয়ার্ড দলে নেওয়া। তবে এখনও এই দুই পজিশনের মূল লক্ষ্য পূরণ করতে পারেনি ক্লাবটি।

স্ট্রাইকার পজিশনের জন্য শুরু থেকেই বার্সেলোনার প্রথম পছন্দ ছিলেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। কিন্তু শুরু থেকেই তাকে ছাড়তে রাজি নয় আতলেতিকো, এখনও সেই অবস্থানেই অনড় রয়েছে তারা। ফলে এই ট্রান্সফার নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে।

স্পেনের জনপ্রিয় দৈনিক স্পোর্ট’র প্রতিবেদন— আলভারেজ যদি না আসেন, তবে বার্সেলোনা হয়তো শেষ পর্যন্ত কোনো স্ট্রাইকার সই নাও করতে পারে। বার্সা কোচ হানসি ফ্লিকের আলভারেজকে দলে নেওয়ার পরিকল্পনাকে সমর্থন দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বিকল্প স্ট্রাইকারদের সঙ্গে তার মানের পার্থক্য এতটাই বেশি যে, অন্য কাউকে আনতে আগ্রহী নয় তারা।

আলভারেজ নিজেও বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে আগ্রহের কথা প্রকাশ করেছেন বেশ কয়েকবার। তবে আতলেতিকোও তাকে সরাসরি প্রতিদ্বন্দ্বী কোনো ক্লাবের কাছে ছাড়তে আগ্রহী নয়। ফলে বর্তমানে সব পক্ষই এক ধরনের অচলাবস্থায় রয়েছে।

যদি শেষ পর্যন্ত আলভারেজকে দলে টানতে ব্যর্থ হয় বার্সেলোনা এবং অন্য কোনো স্ট্রাইকারও না আনে, তাহলে ক্লাবটিকে ভরসা করতে হবে নিজেদের স্কোয়াডের খেলোয়াড়দের ওপর। রবার্ট লেভানডফস্কির বিদায়ের পর সেই বিকল্পও খুব বেশি নেই।

এক্ষেত্রে স্বাভাবিকভাবেই মূল সেন্টার-ফরোয়ার্ড হিসেবে ফেরান তোরেসই সবচেয়ে বড় দাবিদার। তবে তার ফিনিশিংয়ে ধারাবাহিকতার অভাব এবং বক্সে প্রভাবশালী উপস্থিতি না থাকায় তাকে নিয়ে প্রশ্ন রয়েছে।

কোচ চাইলে ফলস নাইন হিসেবে দানি ওলমোকেও ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে দলকে কৌশলগতভাবে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে।

এছাড়া প্রাক-মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করা মিশরীয় তরুণ হামজা আবদেলকরিমও সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে এসেছেন। বার্মিংহামের বিপক্ষে জোড়া গোল করে নজর কেড়েছেন এই তরুণ ফরোয়ার্ড। ঐতিহ্যবাহী সেন্টার-ফরোয়ার্ড হিসেবে তাকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে আগ্রহী বার্সেলোনা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সব মিলিয়ে বার্সেলোনার স্ট্রাইকার পরিকল্পনা এখন পুরোপুরি নির্ভর করছে আলভারেজের ওপর। তাকে দলে ভেড়াতে না পারলে বাইরের কাউকে না এনে নিজেদের স্কোয়াড থেকেই সমাধান খুঁজতে পারে কাতালানরা।