আশ্রয় আবেদন বাড়ায় ৪ দেশের শিক্ষার্থীদের ভিসা বন্ধ করল যুক্তরাজ্য – DesheBideshe

আশ্রয় আবেদন বাড়ায় ৪ দেশের শিক্ষার্থীদের ভিসা বন্ধ করল যুক্তরাজ্য – DesheBideshe

লন্ডন, ৪ মার্চ – শিক্ষা ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয়ের আবেদন বেড়ে যাওয়ায় কঠোর পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, নির্দিষ্ট চারটি দেশের শিক্ষার্থীদের জন্য ভিসা প্রদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদান।

এর পাশাপাশি আফগান নাগরিকদের জন্য কর্মসংস্থান বা ওয়ার্ক পারমিট ভিসাও স্থগিত করা হচ্ছে। যুক্তরাজ্যের হোম অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৫ সালের মধ্যবর্তী সময়ে এই চার দেশ থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে আশ্রয়ের আবেদন করার প্রবণতা ৪৭০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সরকার এমন কঠোর অবস্থানে যাচ্ছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী শাবানা মাহমুদ এ প্রসঙ্গে বলেন, যুদ্ধ ও নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা মানুষকে ব্রিটেন সবসময়ই আশ্রয় দিতে প্রস্তুত, কিন্তু আমাদের উদার ভিসা ব্যবস্থার কোনো অপব্যবহার বরদাশত করা হবে না। নতুন নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে যে, এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের শরণার্থী মর্যাদা প্রতি ৩০ মাস অন্তর পর্যালোচনা করা হবে। সরকারের ধারণা এর ফলে অহেতুক আশ্রয়প্রার্থীদের কাছে গন্তব্য হিসেবে যুক্তরাজ্যের আকর্ষণ কিছুটা কমবে।

এস এম/ ৪ মার্চ ২০২৬