LATEST
Rachael Archer wins three straight United States GNCC titles in off-road racing The slingshot that flung Rocket Lab spacecraft toward Mars খেলনা নয়, জীবন্ত অজগর! বিশাল সাপ নিয়ে শিশুদের কাণ্ড ভাইরাল মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা নুসরাত তাবাসসুমের বাড়ির আগুনে শর্ট সার্কিটের আলামত মেলেনি: পল্লী বিদ্যুতের এজিএম জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়াল ভারত Xiaomi 18 Pro-র Rear display-তে চলবে Google Maps ও Spotify আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের
Top News

ইতালিতে সম্মান রক্ষার নামে নিজের মেয়েকে হত্যা করায় মা-বাবাসহ চারজনের যাবজ্জীবন

ইতালিতে সম্মান রক্ষার নামে নিজের মেয়েকে হত্যা করায় মা-বাবাসহ চারজনের যাবজ্জীবন

পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় নিজের মেয়েকে নৃশংসভাবে হত্যার পরিকল্পনা করেন মা-বাবা। পরিবারের সম্মান রক্ষার নামে মেয়েটিকে হত্যা করার পর তাঁর লাশ মাটির নিচে লুকিয়ে রাখা হয়। এই নির্মম হত্যাকাণ্ডে সহায়তা করেন এক চাচা ও দুই চাচাতো ভাই। ১৮ বছরের এই তরুণীর হত্যাকাণ্ড ঘটেছিল ইতালিতে। পাঁচ বছর পর দেশটির সর্বোচ্চ আদালত তাঁর মা-বাবাসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চাচার সাজা হয় ২২ বছরের কারাদণ্ড।

মেয়েটির নাম সামান আব্বাস। পাকিস্তানি বংশোদ্ভূত এই তরুণী মা-বাবার সঙ্গে বসবাস করতেন ইতালির উত্তরাঞ্চলের রেজ্জো এমিলিয়া প্রদেশের নোভেল্লারা শহরে। সেখানেই বেড়ে উঠছিলেন তিনি। ইতালির সমাজ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়ে নিজের মতো করে জীবন গড়ে তোলার স্বপ্ন দেখতেন সামান। ভালোবাসতেন এক পাকিস্তানি তরুণকে। তাঁকেই বিয়ে করে সংসার পাততে চেয়েছিলেন। কিন্তু মা-বাবার ইচ্ছা ছিল ভিন্ন। তাঁরা পাকিস্তানে থাকা এক চাচাতো ভাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন। সামান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আর এতেই শুরু হয় পরিবারের সঙ্গে তাঁর বিরোধ। নিজের পছন্দে জীবনসঙ্গী বেছে নেওয়ার সিদ্ধান্ত যে শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, তা হয়তো কল্পনাও করেননি এই তরুণী।

পরিবারের সঙ্গে সামানের বিরোধ শুধু বিয়ে নিয়েই সীমাবদ্ধ ছিল না। তাঁর পোশাক-পরিচ্ছদ, চলাফেরা এবং স্বাধীনভাবে জীবনযাপনের ইচ্ছা নিয়েও আপত্তি ছিল মা-বাবার। সামানের কাছে যা ছিল ব্যক্তিগত স্বাধীনতা, পরিবারের কাছে তা হয়ে দাঁড়িয়েছিল বংশের সম্মানহানির বিষয়। সামানকে বোঝানোর চেষ্টা করা হয়, পরিবারের সিদ্ধান্তই তাঁকে মেনে নিতে হবে। একপর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, নিজের নিরাপত্তার জন্য পুলিশের সাহায্য চাইতে বাধ্য হন সামান। ২০২০ সালের নভেম্বরে পরিবারের বিরুদ্ধে অভিযোগ করার পর সমাজকল্যাণকর্মীরা তাঁকে একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যান। নিজের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়া কোনো তরুণীর জন্য সহজ সিদ্ধান্ত নয়। কিন্তু সামান বুঝতে পেরেছিলেন, পরিবারের সঙ্গে তাঁর মতবিরোধ আর সাধারণ অভিভাবকসুলভ শাসনের পর্যায়ে নেই। নিজের পছন্দে বিয়ে করার অধিকার রক্ষা করতে তাঁকে পরিবার থেকেই সুরক্ষা নিতে হয়েছিল।

২০২১ সালের এপ্রিল মাসে মায়ের আশ্বাসে আবার বাড়িতে ফিরে আসেন সামান। উদ্দেশ্য ছিল নিজের পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নতুন জীবন শুরু করা। কিন্তু সেই ফিরে আসাই হয়ে ওঠে তাঁর জীবনের শেষ সিদ্ধান্ত। যে বাড়িতে তাঁর সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেই বাড়ির মানুষগুলোই ততক্ষণে তাঁর মৃত্যুর আয়োজন করে রেখেছিল।

২০২১ সালের ৩০ এপ্রিল থেকে ১ মে মধ্যবর্তী রাতে ঘটে হত্যাকাণ্ড। তদন্তে উঠে আসে ভয়ংকর এক পরিকল্পনার বিবরণ। বাড়ির আশপাশের নিরাপত্তা ক্যামেরায় পরিবারের কয়েকজন সদস্যকে কোদাল, শাবল ও বালতিসহ বের হতে দেখা যায়। প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা পর তাঁরা ফিরে আসেন। তদন্তকারীদের ধারণা, হত্যার পর লাশ গোপন করার প্রস্তুতির সঙ্গে এই তৎপরতার সম্পর্ক ছিল। পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত বলে প্রতিষ্ঠিত হয়।

বিচারে উঠে আসে হত্যাকাণ্ডের আরও ভয়াবহ বিবরণ। সামানকে তাঁর মা-বাবা বাড়ির কাছের গ্রিনহাউস এলাকায় নিয়ে গিয়ে চাচা দানিশ হাসনাইন ও দুই চাচাতো ভাইয়ের হাতে তুলে দেন। সেখানে তিনজন মিলে তাঁকে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন। কিন্তু তরুণীকে হত্যা করেই অপরাধীরা থেমে থাকেননি। তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় কাছের একটি পরিত্যক্ত খামারবাড়িতে। সেখানে মাটির নিচে লুকিয়ে রাখা হয় লাশ, যেন সামানের অস্তিত্বই পৃথিবী থেকে মুছে ফেলা যায়। যে মা-বাবার কাছে তাঁর সবচেয়ে নিরাপদ থাকার কথা ছিল, সেই মা-বাবাই তাঁকে তুলে দিয়েছিলেন হত্যাকারীদের হাতে। আর যাঁদের সঙ্গে তাঁর ছিল রক্তের সম্পর্ক, তাঁদের হাতেই শেষ হয়ে যায় ১৮ বছরের এই তরুণীর জীবন।

হত্যার পর সামানের মা-বাবা পাকিস্তানে পালিয়ে যান। এদিকে প্রেমিকার সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর প্রেমিক। তিনি পুলিশকে বিষয়টি জানান। ৫ মে পুলিশ পরিবারের বাড়িতে গিয়ে দেখতে পায়, সেখানে সামান নেই, তাঁর মা-বাবাও নেই। শুরু হয় অনুসন্ধান। তদন্তকারীরা নিরাপত্তা ক্যামেরার ফুটেজ, পরিবারের সদস্যদের গতিবিধি এবং বিভিন্ন সাক্ষ্য যাচাই করতে থাকেন। সামানের ছোট ভাইয়ের বক্তব্যও তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি পুলিশকে জানান, হত্যাকাণ্ড সম্পর্কে বাবার কথাবার্তা শুনেছিলেন এবং চাচার সংশ্লিষ্টতার বিষয়টি জানতে পেরেছিলেন।

এদিকে অনেক খোঁজাখুঁজির পরও সামানের সন্ধান মিলছিল না। দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর চলে যায়। জীবিত অবস্থায় তাঁর ফিরে আসার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসে। অবশেষে ২০২২ সালের নভেম্বরে নোভেল্লারার একটি পরিত্যক্ত খামারবাড়ির কাছে মাটির নিচ থেকে তাঁর দেহাবশেষ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের প্রায় দেড় বছর পর পাওয়া যায় সেই তরুণীর লাশ, যিনি একদিন পরিবারের বাধা অতিক্রম করে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিলেন। দেহাবশেষ পরীক্ষায় ঘাড়ের হাড়ে গুরুতর আঘাতের তথ্য উঠে আসে। দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে থাকা দেহাবশেষ হয়ে ওঠে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ প্রমাণ।

তদন্তে আরও একটি হৃদয়বিদারক তথ্য সামনে আসে। মৃত্যুর আগে সামান তাঁর প্রেমিক সাকিবকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন। ৩০ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে পাঠানো সেই বার্তায় তিনি নিজের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। সামান জানান, তিনি তাঁর মা-বাবাকে নিজেদের মধ্যে তাঁকে হত্যা করার পরিকল্পনা নিয়ে কথা বলতে শুনেছেন। এমনকি ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর কোনো খবর না পেলে পুলিশকে জানানোর অনুরোধও করেছিলেন। অর্থাৎ সামান বিপদের আশঙ্কা করেছিলেন। কিন্তু সেই বিপদ থেকে নিজেকে রক্ষা করার সুযোগ আর পাননি। তাঁর শেষ দিকের এই বার্তা পরবর্তী তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

এই হত্যাকাণ্ডে সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল পরিবারের সম্মান সম্পর্কে অপরাধীদের ধারণা। মেয়ের নিজের পছন্দে বিয়ে করা এবং পশ্চিমা সমাজের জীবনযাপন গ্রহণ করাকে তাঁরা নিজেদের পারিবারিক সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান হিসেবে দেখেছিলেন। সবকিছু মিলে এমন এক ভয়ংকর অবস্থার সৃষ্টি করেছিল, যেখানে নিজ মেয়েকে হত্যা করাকে তাঁরা সম্মান রক্ষার উপায় হিসেবে বিবেচিত করেন।

সামানের হত্যাকাণ্ড ইতালিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রথমে তাঁর বাবা শাব্বার আব্বাস পাকিস্তানে গ্রেপ্তার হন এবং পরে তাঁকে ইতালিতে প্রত্যর্পণ করা হয়। চাচা দানিশ হাসনাইনকে ফ্রান্স থেকে এবং দুই চাচাতো ভাইকে স্পেন থেকে আটক করে ইতালিতে নেওয়া হয়। মা নাজিয়া শাহিন দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে ২০২৪ সালের ৩১ মে পাকিস্তানে গ্রেপ্তার হওয়ার পর আগস্টে তাঁকেও ইতালিতে প্রত্যর্পণ করা হয়। ফলে হত্যাকাণ্ডে অভিযুক্ত পরিবারের পাঁচ সদস্যকেই শেষ পর্যন্ত বিচারের আওতায় আনা সম্ভব হয়।

২০২৩ সালের ডিসেম্বরে প্রথম বিচারে আদালত সামানের মা-বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। চাচা দানিশ হাসনাইনকে দেওয়া হয় ১৪ বছরের কারাদণ্ড। তবে ওই পর্যায়ে দুই চাচাতো ভাই অভিযোগ থেকে খালাস পেয়েছিলেন। পরে আপিল আদালতে মামলাটির গতিপথ বদলে যায়। ২০২৫ সালের ১৮ এপ্রিল বোলোনিয়ার আপিল আদালত মা-বাবার যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার পাশাপাশি দুই চাচাতো ভাই ইজাজ ইকরাম ও নোমান উল হককেও যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে চাচা দানিশের সাজা ১৪ বছর থেকে বাড়িয়ে ২২ বছর করা হয়। আদালত হত্যাকাণ্ডের পূর্বপরিকল্পনা এবং তুচ্ছ কারণে এমন অপরাধ সংঘটনের বিষয়টিকেও গুরুত্ব দেন।

সর্বশেষ ২০২৬ সালের ১৫ জুলাই ইতালির সর্বোচ্চ আদালত কোর্ট অব ক্যাসেশন দণ্ডিত ব্যক্তিদের আপিল খারিজ করে দেন। ফলে সামানের বাবা শাব্বার আব্বাস, মা নাজিয়া শাহিন এবং দুই চাচাতো ভাই ইজাজ ইকরাম ও নোমান উল হকের যাবজ্জীবন কারাদণ্ড চূড়ান্ত হয়। চাচা দানিশ হাসনাইনের ২২ বছরের কারাদণ্ডও বহাল থাকে। প্রায় পাঁচ বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়ার এই চূড়ান্ত রায়ে প্রতিষ্ঠিত হয়, সামানের হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; পরিবারের একাধিক সদস্যের অংশগ্রহণে সংঘটিত পূর্বপরিকল্পিত অপরাধ।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এই রায়ের পর নারীর স্বাধীনতার পক্ষে অবস্থান ব্যক্ত করেন। তাঁর বক্তব্যের মূল বার্তা ছিল, যে সমাজ নারীর স্বাধীনতা অস্বীকার করে, সেখানে এমন মানসিকতার কোনো স্থান হতে পারে না। সামানের হত্যাকাণ্ড ইতালিতে জোরপূর্বক বিয়ে, অভিবাসী পরিবারে নারীর অধিকার এবং পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতার গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে।

২০২৪ সালের মার্চে নোভেল্লারায় সামানের দাফন সম্পন্ন হয়। হত্যাকাণ্ডের প্রায় তিন বছর পর তাঁর মরদেহের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিল ইসলামি রীতিতে। সেই সময় তাঁর ছোট ভাইয়ের কথায় উঠে আসে বোনকে হারানোর বেদনা। পরিবারের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া এই তরুণও এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন। একদিকে নিজের বোনের হত্যাকাণ্ড, অন্যদিকে সেই হত্যার সঙ্গে নিজের মা-বাবা এবং নিকটাত্মীয়দের জড়িয়ে থাকার সত্য। এমন পরিস্থিতিতে সত্যের পক্ষে দাঁড়ানো তাঁর জন্য কতটা কঠিন ছিল, তা সহজেই অনুমেয়।

ইতালির আদালত অপরাধীদের শাস্তি দিয়েছেন। কিন্তু কোনো বিচারই সামানের হারিয়ে যাওয়া জীবন ফিরিয়ে দিতে পারবে না। যে তরুণী নিজের পছন্দের মানুষকে ভালোবেসে সংসার গড়ার স্বপ্ন দেখেছিলেন, তিনি সেই স্বপ্ন পূরণের সুযোগ পাননি। সামানের ঘটনা দেখিয়ে দিয়েছে, পারিবারিক সম্মানের নামে উগ্র রক্ষণশীলতা কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে। সন্তানকে নিজের সম্পত্তি মনে করা, তার ব্যক্তিস্বাধীনতাকে অবাধ্যতা হিসেবে দেখা এবং ধর্মীয় বিশ্বাসের নামে জোরজবরদস্তি করার পরিণতি যে কতটা নির্মম হতে পারে, সামান আব্বাসের হত্যাকাণ্ড তারই এক মর্মান্তিক উদাহরণ। পরিবারকে সম্মানিত করার জন্য একটি মেয়েকে হত্যা করা হয়েছিল। শেষ পর্যন্ত সেই হত্যাকাণ্ডই পৃথিবীর সামনে তুলে ধরেছে পরিবারের নিষ্ঠুরতার পরিচয়।

তথ্যসূত্র: ANSA, Sky TG24, Associated Press, AFP, Rai News

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ইতালিতে সম্মান রক্ষার নামে নিজের মেয়েকে হত্যা করায় মা-বাবাসহ চারজনের যাবজ্জীবন first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news