ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শিবালয়ে

ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শিবালয়ে

সাইফুল ইসলাম: মানিকগঞ্জের শিবালয়ে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৭ হাজার ১০০ টাকা।

রোববার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আরুয়া ইউনিয়নের পাটুরিয়া পুরাতন লঞ্চঘাট সংলগ্ন এলাকায় কাইয়ুমের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- শিবালয় উপজেলার আমডালা গ্রামের আব্দুস সালামের ছেলে আতোয়ার রহমান (৪০) এবং দাসকান্দি গ্রামের মৃত ইসহাক শেখের ছেলে মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (৪২)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আতোয়ার রহমানের কাছ থেকে ৪০ পিস এবং রফিকুল ইসলামের কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রফিকুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই একটি মাদক মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।