ইরানকে নিয়ে নতুন করে ভুল হিসাব না করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি – DesheBideshe

ইরানকে নিয়ে নতুন করে ভুল হিসাব না করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি – DesheBideshe
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি

তেহরান,১৯ অক্টোবর-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে ‘ভুল হিসাব’ না করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বহুবার ইরানের দৃঢ়তা ও সংকল্প পরীক্ষা করেছে। কিন্তু প্রতিবারই তাদের এই পদক্ষেপ ভুল প্রমাণিত হয়েছে।

ইরানকে নিয়ে আর কোনো ‘ভুল হিসাব-নিকাশ’ না করতে ওয়াশিংটন ও তেল আবিবকে সতর্ক করে তিনি বলেন, এবার ইরানের ওপর কোনো আঘাত এলে তার জবাব আগের চেয়ে বহুগুণ বেশি ভয়াবহ হবে।

অতীতের সংঘাতগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আগের প্রতিটি যুদ্ধেই আপনারা ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটানো এবং ইরানকে খণ্ডবিখণ্ড ও ধ্বংস করার স্লোগান নিয়ে যুদ্ধে নেমেছিলেন। অথচ আজ ইতিহাস সাক্ষী, আপনারাই ধ্বংস ও পতনের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। অন্যদিকে, একটি শক্তিশালী ও সার্বভৌম ইরান এখনো পূর্ণ মর্যাদা নিয়ে দৃঢ়ভাবে টিকে আছে।

ইরানের সেনাপ্রধান স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সার্বভৌমত্ব বা নিরাপত্তার বিরুদ্ধে নতুন করে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া বা ‘ভুল হিসাব’ করা হলে এর জন্য চরম মূল্য দিতে হবে। এমন পরিস্থিতিতে ইরানের পাল্টা জবাব আগের যেকোনো পদক্ষেপের তুলনায় অনেক বেশি কঠোর ও বিধ্বংসী হবে।

এস এম/ ১৯ অক্টোবর ২০২৬