ইসরায়েলি আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি অবস্থা তুলে নেওয়া ও বিচারব্যবস্থা আবার সচল হওয়ায় এখন থেকে শুনানি যথারীতি চলবে। বিবৃতিতে আরও জানানো হয়, রোববার থেকে বুধবারের মধ্যে নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি হতে পারে।
প্রথম কোনো ক্ষমতাসীন ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। তবে কয়েক বছরের তদন্ত শেষে ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে আনা ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির সব অভিযোগই তিনি অস্বীকার করেছেন।
নেতানিয়াহুর এ বিচার শুরু হয় ২০২০ সালে। দোষী সাব্যস্ত হলে তাঁর জেল হতে পারে। বিভিন্ন কারণে এ বিচারপ্রক্রিয়া বারবার বিলম্বিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছেন এবং তাঁকে ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি আহ্বান জানিয়েছেন।




