ইরানে জয়ী হলে তেলের দাম কমানোর প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের – DesheBideshe

ইরানে জয়ী হলে তেলের দাম কমানোর প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের – DesheBideshe


ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর – ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় অর্জিত হলে জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পাম্পগুলোতে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম ৩ ডলারে নেমে আসতে পারে এবং পরবর্তীতে তা ২ ডলারের নিচে নামার সম্ভাবনা রয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা জানান। তেলের দাম কমানোর পাশাপাশি ট্রাম্প পুনরায় দাবি করেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।

বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার প্রভাবে মার্কিন নাগরিকদের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। দেশটিতে ডিজেলের দাম ইতিমধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে যা কৃষি ও পরিবহন খাতের ব্যয় বাড়িয়ে দিয়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৫ দশমিক ৮৫ ডলার, যা গত বছর একই সময়ে ছিল মাত্র ৩ দশমিক ৭১ ডলার।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই পাইকারি বাজারে তেলের দাম দ্রুত বাড়তে থাকে। এই সংকট নিরসনে ট্রাম্প সম্প্রতি ভেনেজুয়েলার সাথে একটি বড় জ্বালানি চুক্তির ঘোষণা দিয়েছেন। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, ১৭টি কৌশলগত তেলক্ষেত্রের উন্নয়নের জন্য দুই দেশের মধ্যে গত শনিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬