
তেহরান, ১৫ আগস্ট – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরাজমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রতিপক্ষের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানি ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাভিফার্ড। তিনি জানিয়েছেন ইরান যদি আবারও যুদ্ধের সম্মুখীন হয় এবং তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয় তবে তেহরান পারমাণবিক অস্ত্র হাতে তুলে নিতে দ্বিধাবোধ করবে না।
শুক্রবার আহভাজ শহরে জুমার খুতবায় তিনি এই মন্তব্য করেন।
ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয় মুসাভিফার্ড তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেন যে ইরানের পারমাণবিক শক্তি কোনো বিদেশের বিষয় নয় বরং এটি একটি সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যদি কেউ এর বিরোধিতা করে তবে তারা যেন যুদ্ধ করতে আসে।
এই ধর্মীয় নেতা আরও বলেন পরিস্থিতি আরও অবনতি ঘটলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তু হবে।
মধ্যপ্রাচ্যে মার্কিন বিনিয়োগের ওপর হামলা এবং ঘাঁটিগুলো থেকে সৈন্য প্রত্যাহারের দাবি তুলে তিনি দাবি করেন ওয়াশিংটন বর্তমানে আত্মসমর্পণের দ্বারপ্রান্তে রয়েছে। এছাড়া হরমুজ প্রণালী ও বাব আল মান্দেব প্রণালীর সংকট যুক্তরাষ্ট্রকে আরও বিপাকে ফেলছে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আহমদ খাতামি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। মার্কিন ও ইসরায়েলি হামলা সত্ত্বেও দেশের পারমাণবিক সক্ষমতা অটুট রয়েছে এবং এটি ইরানি বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম ও মেধার ফসল বলে তিনি দাবি করেন।
এনএন/ ১৫ আগস্ট ২০২৬




