ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে এবং নাতি-নাতনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম। এ তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাদের চালানো হামলায় খামেনি প্রাণ হারিয়েছেন।
এদিকে ইরানে চলমান সামরিক অভিযানের সময়কাল নিয়েও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে দীর্ঘমেয়াদি অভিযান চালাতে পারে। আবার দুই থেকে তিন দিনের মধ্যেও হামলা সমাপ্ত করা সম্ভব।
ট্রাম্প আরও বলেন, অভিযান শেষ হওয়ার পর ইরানের সঙ্গে বিদ্যমান উত্তেজনা কমাতে একাধিক বিকল্প পথ রয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান যদি পুনরায় পারমাণবিক কর্মসূচি চালু করে, তাহলে ভবিষ্যতে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।





