ঈদযাত্রায় নৌপথে বাড়তি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহনমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

ঈদযাত্রায় নৌপথে বাড়তি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহনমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এবারের ঈদযাত্রা আগের বছরের তুলনায় আরও স্বস্তিদায়ক ও নিরাপদ হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

নৌপথে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে শেখ রবিউল আলম জানান, কোথাও অনিয়ম বা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রীদের ভোগান্তি কমানো ও নিরাপত্তা জোরদারে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলেও জানান তিনি। নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দাবি করেন মন্ত্রী।

এ সময় নারায়ণগঞ্জের যোগাযোগব্যবস্থা ও পরিবেশ উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। শীতলক্ষ্যা নদীর দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইন প্রকল্প দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

টার্মিনাল পরিদর্শনের সময় নির্ধারিত সময়ে পণ্য খালাস না করায় একটি লাইটার জাহাজের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

নৌপরিবহন মন্ত্রণালয় পণ্য পরিবহন ও যাত্রীসেবায় শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি অব্যাহত রাখবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি নির্দেশনা উপেক্ষা করে যাত্রীদের হয়রানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের কঠোর অবস্থানের ফলে এবারের ঈদে নৌপথে যাত্রী দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।