ঈদযাত্রায় ২৬ মের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু | চ্যানেল আই অনলাইন

ঈদযাত্রায় ২৬ মের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু | চ্যানেল আই অনলাইন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর ধারাবাহিকতায় আজ ২৬ মে যাত্রার ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

আজ (১৬ মে) শনিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেই অনুযায়ী, ২৩ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে ১৩ মে, ২৪ মের টিকিট ১৪ মে এবং ২৫ মের টিকিট ১৫ মে বিক্রি করা হয়। এছাড়া ২৭ মে যাত্রার টিকিট বিক্রি করা হবে আগামী ১৭ মে।

রেলওয়ের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার জন্য সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন। একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয়ের সুযোগ থাকলেও এসব টিকিট রিফান্ড করা যাবে না। এদিকে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে যাত্রার ট্রেনের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।