ঈদে চ্যানেল আইয়ে ‘বাড়ির নাম শাহানা’র টিভি প্রিমিয়ার | চ্যানেল আই অনলাইন

ঈদে চ্যানেল আইয়ে ‘বাড়ির নাম শাহানা’র টিভি প্রিমিয়ার | চ্যানেল আই অনলাইন

বড় পর্দায় মুক্তির পর বিশ্বব্যাপী চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’ এবার আসছে ছোট পর্দায়। আসন্ন ঈদ উল আজহায় চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটির।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, আসন্ন ঈদে ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প ‘বাড়ির নাম শাহানা’। এ চলচ্চিত্রের মূল চরিত্র দীপা। নব্বইয়ের দশকের রক্ষণশীল মফস্বল পরিবেশে বড় হওয়া দীপা যার কৈশোরের একটি জেদের মাশুল দিতে হয় পরিবারের চাপে ইংল্যান্ড প্রবাসী এক বিপত্নীকের সাথে ট্রাঙ্ক কলে বিয়ে বাঁধার মাধ্যমে। একা দীপা লন্ডনে পাড়ি জমায় ভাগ্যের অজানা রাস্তায়। কিন্তু সেখানে তার জন্যে অপেক্ষা করে থাকে কল্পনার অতীত বাস্তবতা। দীপা কি পারবে সেই কঠিন বাস্তবতা একা মোকাবেলা করতে!

লন্ডন, শিকাগো, মেলবোর্ন, রোম, মুম্বাইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে দেশের সুনাম বৃদ্ধি করা এ চলচ্চিত্রটি এবার চ্যানেল আইয়ের মাধ্যমে সব শ্রেণির দর্শকদের কাছে পৌঁছাতে যাচ্ছে।

চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। ২০২৩ সালের মুম্বাই চলচ্চিত্র উৎসবে ভারতের চলচ্চিত্র সমালোচক গিল্ড থেকে ‘জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’ জিতেছে। লন্ডনের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের পছন্দের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। রোমের কারাভান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এও একই পুরস্কার পেয়েছে।

মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়। আমেরিকার শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে রানার-আপ জুরি পুরস্কার অর্জন করে।
শুধু তাই নয়, এ চলচ্চিত্রটি এনএফডিসি ফিল্ম বাজারে ‘এফবিআর বিজয়ী ২০২১’ খেতাব পেয়েছে। চ্যানেল-৪ ইউকে ২ বছরের জন্য চলচ্চিত্রটির সম্প্রচার অধিকার কিনে নিয়েছে।

‘বাড়ির নাম শাহানা’র চিত্রনাট্য লিখেছেন পরিচালক লীসা গাজী এবং আনান সিদ্দিকা। চিত্রগ্রহণ করেছেন যোহায়ের মুসাভভির। সংগীত পরিচালনায় রয়েছেন সোহিনী আলম।

চলচ্চিত্রের মূল চরিত্র দীপার ভূমিকায় অভিনয় করেছেন আনান সিদ্দীকা। তার পাশাপাশি অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ , ইরেশ যাকের , কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ আরও অনেকে।