ঈদে ৯ বছরে তিনি একবারও ছুটি কাটাননি

ঈদে ৯ বছরে তিনি একবারও ছুটি কাটাননি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক মো. সাব্বির আহমেদের এই পেশায় আট বছর হয়ে গেছে। এর মধ্যে চার বছর ধরে সরকারি হাসপাতালে দায়িত্ব পালন করছেন। এই চার বছরে কখনো ঈদে ছুটি পাননি তিনি। এ নিয়ে তাঁর আফসোসও নেই।

চিকিৎসক সাব্বির আহমেদ বলেন, এই পেশার শুরুতেই শেখানো হয় যে পরিবার ও দায়িত্ব দুটি বিষয় একসঙ্গে সামনে এলে দায়িত্বকেই যেন বেছে নেওয়া হয়। এ কারণে চিকিৎসকেরা সে ধরনের মানসিকতা নিয়েই এ পেশায় থাকেন। এখানে রোগীর প্রতি দায়বদ্ধতাকে প্রাধান্য দেওয়া হয়।

এই চিকিৎসক আরও বলেন, ‘আমার বাড়ি রংপুর শহরে। অন্যবারের মতো এবারও ঈদের দিন নামাজ শেষে হাসপাতালে চলে আসব। ঈদের দিন পালা করে পাঁচ থেকে ছয়জন চিকিৎসক দায়িত্ব পালন করবেন। রোগীরা চিকিৎসকের জন্য অপেক্ষায় থাকেন, চিকিৎসককে দেখলে স্বস্তি পান। সেই স্বস্তিটুকু আমরা রোগীদের দিতে চাই।’

নিরাপত্তাকর্মী সারোয়ার হোসেন বলছিলেন, ঈদে ডিউটি করার অভ্যস্ততা তাঁর হলেও পরিবারের সদস্যরা অনেক সময় মন খারাপ করেন। তিন বছর আগে বিয়ে করেছেন। স্ত্রী এত দিন কিছু বলেননি। কিন্তু এখন সন্তান হওয়ার পর একসঙ্গে ঈদ করার প্রত্যাশা তৈরি হয়েছে তাঁর। স্ত্রী এবার তাঁকে ঈদুল আজহায় ছুটি নিতে বলেছেন। তিনিও ছুটি নেওয়ার কথা ভাবছেন।