ঈদ সামনে রেখে সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংকের শাখা | চ্যানেল আই অনলাইন

ঈদ সামনে রেখে সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংকের শাখা | চ্যানেল আই অনলাইন

পবিত্র শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটিতে যাচ্ছে দেশের সব তফসিলি ব্যাংক। এই দুই ছুটি মিলিয়ে ব্যাংক খাতে মোট সাত দিনের ছুটি থাকবে। তবে নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদের ছুটির মধ্যেই আগামী ১৮ মার্চ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) কয়েকটি এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, শবেকদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যে ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় সেদিন তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১৮ ও ১৯ মার্চ সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারী দিয়ে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে।

ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।