উপজেলায় এমপিদের ‘পরিদর্শন কক্ষ’: সমন্বয় নাকি নিয়ন্ত্রণ! | চ্যানেল আই অনলাইন

উপজেলায় এমপিদের ‘পরিদর্শন কক্ষ’: সমন্বয় নাকি নিয়ন্ত্রণ! | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্যদের (এমপি) জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ তৈরির সিদ্ধান্তকে ঘিরে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। সরকার একে প্রশাসনিক সমন্বয় ও জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ হিসেবে দেখালেও, বিশ্লেষকদের একটি অংশ এটিকে স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় প্রভাব বৃদ্ধির পদক্ষেপ হিসেবে দেখছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকারের কাছে ফ্লোর নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এমপিদের দাপ্তরিক কাজ সহজ করা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে প্রতিটি উপজেলা পরিষদে আধুনিক ‘পরিদর্শন কক্ষ’ তৈরি করা হবে। এসব কক্ষে প্রয়োজনীয় আসবাবপত্রের পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধাসহ সংযুক্ত বাথরুম থাকবে।

প্রতিমন্ত্রী জানান, নতুন বা পুরোনো- উপজেলা পরিষদের বিদ্যমান অবকাঠামোর মধ্যেই এসব কক্ষ প্রস্তুত করা হবে। এ- সংক্রান্ত সরকারি আদেশ (জিও) ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে এবং তা কার্যকর হয়েছে। কোনো এমপির নির্বাচনী এলাকায় একাধিক উপজেলা থাকলে প্রতিটি উপজেলাতেই তার জন্য পৃথক কক্ষ থাকবে।

সরকার বলছে, এই উদ্যোগের ফলে এমপিরা তাদের নির্বাচনী এলাকায় আরও সক্রিয় হতে পারবেন। দাপ্তরিক কার্যক্রম পরিচালনা সহজ হবে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়বে।

তবে এ সিদ্ধান্ত নিয়ে ভিন্নমতও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বলেন, আপাতদৃষ্টিতে এটি সাধারণ প্রশাসনিক উদ্যোগ মনে হলেও এর প্রভাব গভীর হতে পারে। দীর্ঘদিন ধরেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো- বিশেষ করে উপজেলা পরিষদ- স্বায়ত্তশাসনের ঘাটতিতে ভুগছে।

তিনি বলেন, উপজেলা পরিষদের ভেতরে এমপিদের জন্য আলাদা ‘পরিদর্শন কক্ষ’ তৈরি করা হলে তা স্থানীয় সরকারের ওপর তাদের প্রভাব আরও বাড়াতে পারে। বিভিন্ন ক্ষেত্রে এমপিদের হস্তক্ষেপের অভিযোগ রয়েছে; এই উদ্যোগ সেই প্রবণতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে।

সংসদ সদস্যদের সাংবিধানিক দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, তাদের প্রধান কাজ আইন প্রণয়ন, জনগণের প্রতিনিধিত্ব এবং নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা। উপজেলা পরিষদের দৈনন্দিন কার্যক্রমে সরাসরি সম্পৃক্ততার সুযোগ সীমিত। এ অবস্থায় উপজেলা পর্যায়ে আলাদা কক্ষ বরাদ্দ প্রশাসনিক সীমারেখা অস্পষ্ট করতে পারে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞদের মতে, এসব প্রতিষ্ঠানকে কার্যকর করতে হলে তাদের স্বায়ত্তশাসন নিশ্চিত করা জরুরি। কিন্তু নতুন এই সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরও জোরদার করতে পারে।

সব মিলিয়ে, এমপিদের জন্য উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’ তৈরির উদ্যোগটি একদিকে সমন্বয় বাড়ানোর সম্ভাবনা তৈরি করছে, অন্যদিকে স্থানীয় সরকার ব্যবস্থার ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন প্রশ্নও সামনে আনছে। এখন দেখার বিষয়, বাস্তবায়নের পর এই উদ্যোগ মাঠপর্যায়ে কী প্রভাব ফেলে।