কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো, ভিডিও তৈরি এবং মানুষের কণ্ঠস্বর অনুকরণ করার তীব্র নিন্দা জানিয়েছেন মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস।
তিনি বলেন, এ ধরনের প্রতারণামূলক কাজ ইসলামি শরিয়তে নিষিদ্ধ মিথ্যাচারের অন্তর্ভুক্ত।
শুক্রবার (৯ অক্টোবর) মক্কার মসজিদুল হারামের জুমার খুতবায় এ কথা বলেন তিনি। সৌদি সংবাদমাধ্যম সাবাক ও আজেলের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন।
শায়খ সুদাইস মুসলিমদের সতর্ক করে বলেন, আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে প্রতারণা করা, অন্যের ছদ্মবেশ ধারণ করা কিংবা কোনো ব্যক্তি কখনো তৈরি করেননি এমন মিথ্যা বিবৃতি ও ছবি তাদের নামে চালিয়ে দেওয়া সম্পূর্ণ হারাম। এ ধরনের কর্মকাণ্ড থেকে মুসলমানদের বিরত থাকতে হবে।
এ ধরনের কাজ মানুষের অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান ক্ষুণ্ণ করতে পারে বলে জানান তিনি। তিনি বলেন, এআইয়ের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ালে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, সম্পর্কের অবনতি ঘটে এবং সামাজিক বিশ্বাস নষ্ট হয়।
তার মতে, বর্তমানে এআইয়ের সাহায্যে তৈরি ভিডিও ও নকল কণ্ঠস্বর এতটাই বাস্তবসম্মত হয়ে উঠছে যে, আসল ও নকলের পার্থক্য বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে।
শায়খ সুদাইস এআইয়ের বিরোধিতা করেননি, তিনি আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমকে আল্লাহর নেয়ামত হিসেবে উল্লেখ করে এগুলোকে কল্যাণকর কাজে ব্যবহারের আহ্বান জানান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
যে কোনো খবর, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাইয়ের প্রতি আহ্বান জানিয়ে শায়খ সুদাইস বলেন, যাচাই না করে এ ধরনের তথ্য ছড়ালে সমাজে গুজব ছড়ায়, পারস্পরিক সম্পর্ক নষ্ট হয় এবং জনমনে আস্থার সংকট তৈরি হয়।




