ফেসবুকে ডিজাইনার ঊর্মিলা শুক্লার একটি ছবিতে সম্প্রতি কমেন্টের বন্যা বয়ে গেছে। বিয়ের একটি নিমন্ত্রণে অফহোয়াইট শাড়ি পরে গিয়েছিলেন তিনি। গলাজুড়ে ছিল বিডসের মালা। ছিমছাম পোশাকের সঙ্গে এই মালা সবারই নজর কেড়েছিল। আর এই অলংকারটির জন্যই প্রশংসার বন্যা।
বন্ধুদের সঙ্গে আড্ডায়, পার্টিতে বা ক্যাম্পাসে আজকাল বড় মালা ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠেছে। মালা যদিও বেশ পুরোনো অলংকার। তবে এখন নতুন করে এসেছে এই বড় মালা বা হার পরার চল। মালায় এখন নানা ধরনের উপকরণের ব্যবহার হচ্ছে। এই যেমন ফুল, পুঁতি, সুতা, কাঠ, শঙ্খ, ধাতু কিংবা পিতল দিয়ে এখন তৈরি হচ্ছে মালা।



