একটুখানি শ্বাস নেওয়ার আশায় যে সংগ্রাম…

একটুখানি শ্বাস নেওয়ার আশায় যে সংগ্রাম…

সিনেমার তন্বী চরিত্রটিকে নিজের মায়ের প্রতিচ্ছবি মনে করেন প্রযোজক মাহফুজ নাজিম। তিনি বলেন, ‘আত্মীয়রা যখন আশা ছেড়ে দিতে বলছিল, মা তখন আরও শক্ত করে বাবাকে আঁকড়ে ধরেছিলেন। বাবাকে বাঁচাতে গিয়ে তিনিও করোনায় আক্রান্ত হন। কাউকে প্রাণপণে ধরে রাখা, তারপর ধীরে ধীরে ছেড়ে দিতে শেখা—এই গল্পটা পর্দায় আসার আগেই আমি নিজের ঘরে দেখে এসেছি।’

মাহফুজ নাজিম আরও বলেন, ‘তূর্য মুখে অক্সিজেন মাস্ক পরে শুয়ে আছে, আর সেই নল গিয়ে মিশেছে কাচের ভেতর বন্দী একটি ছোট্ট গাছে। বিশ্বাস করেন, সে দৃশ্যে আমি তূর্যকে দেখিনি, দেখেছি আমার বাবাকে। একটু নিশ্বাসের জন্য এক নিঃশব্দ লড়াই!’

চলচ্চিত্রে তন্বী চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ। তাঁর কাছে কাজটি অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। তিনি বলেন, ‘“পেইন্ট অন ড্রাই লিফ” আমার জীবনে একটা দারুণ উপলব্ধি। আমি যে জীবনটাকে ধীরে ধীরে উপলব্ধি করতে শিখছি, সেই শেখাটাকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছে এই কাজটা। আমি মনে করি, “পেইন্ট অন ড্রাই লিফ” প্রকৃতির দেওয়া এক উপহার। আমার আবারও এই ছবিতে অভিনয় করতে ইচ্ছা করে, কবিতার মতো করে নতুনভাবে উপলব্ধি করতে ইচ্ছা করে।’