
ছবি: সংগৃহীত
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে যে অসন্তোষ ও নাশকতার ঘটনা ঘটছে, তা শ্রমিকদের আন্দোলন নয় বরং রাজনৈতিক আন্দোলনের অংশ। এ আন্দোলনে প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা নেই।
সোমবার (২ নভেম্বর) গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের পরও বিভিন্ন স্থানে আন্দোলন ও কারখানা ভাঙচুরের ঘটনা ঘটছে। তবে এসব ঘটনার সঙ্গে প্রকৃত শ্রমিকদের সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন তিনি।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বলেন, মিরপুরসহ বিভিন্ন স্থানে শ্রমিকদের নাম ব্যবহার করে নানা ঘটনা ঘটানো হচ্ছে। গাজীপুরেও বিভিন্ন পক্ষের সংশ্লিষ্টতায় পরিস্থিতি জটিল হচ্ছে। এসব ঘটনাকে রাজনৈতিক ইন্ধন হিসেবে দেখছেন তিনি।
শ্রমিকদের নাম ব্যবহার করে নাশকতা ও শিল্পকারখানা ভাঙচুরের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘শিল্প-কারখানা ধ্বংস করে তো লাভ নেই।’
নাজমা আক্তার বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও নতুন মজুরি নির্ধারণে সরকার উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় শিল্পকারখানা ভাঙচুর, আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।
নতুন মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠনকে ইতিবাচক হিসেবে দেখছেন উল্লেখ করে নাজমা আক্তার বলেন, সবার মতামতের ভিত্তিতে বোর্ড গঠন করা হয়েছে। দ্রুততম সময়ে বোর্ড গঠন করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, দ্রুত নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন বলে উল্লেখ করে তিনি বলেন সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করা হবে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




