বাংলা নববর্ষকে বরণ করতে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আবারও বসছে হাজারো কণ্ঠের মিলনমেলা। চ্যানেল আই এবং সুরের ধারার যৌথ আয়োজনে আগামী ১ বৈশাখ (১৪ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘হাজারও কণ্ঠে বর্ষবরণ’।
বাংলা নতুন বছর ১৪৩৩-কে স্বাগত জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে সুরের ধারার শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা অংশ নেবেন। সম্মিলিত কণ্ঠে বাংলা গানের সুরে মুখর হয়ে উঠবে পুরো প্রাঙ্গণ।
এবারের আয়োজনে সংগীত পরিবেশন করবেন দেশের খ্যাতিমান শিল্পীরা। তাদের মধ্যে আছেন রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায়, কোনাল ও লুইপাসহ তরুণ প্রজন্মের আরও অনেক শিল্পী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দীপ্তি চৌধুরী এবং আবৃত্তিতে থাকবেন জয়ন্ত চট্টোপাধ্যায়।
এর আগের দিন ১৩ এপ্রিল বিকাল ৫টা ৩০ মিনিট থেকে একই স্থানে অনুষ্ঠিত হবে চৈত্র সংক্রান্তির বিশেষ আয়োজন। এতে গান পরিবেশন করবেন বুলবুল ইসলাম, চন্দনা মজুমদার, বিজন চন্দ্র মিস্ত্রী, প্রিয়াংকা গোপ ও স্বাতী সরকার। আবৃত্তিতে অংশ নেবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া। নৃত্য পরিবেশনায় থাকবেন ওয়ার্দা রিহাব ও প্রেমা। উপস্থাপনা করবেন সামান্তা ইসলাম ও সানজিদা।
বর্ষবরণ উপলক্ষে রবীন্দ্র সরোবরে থাকবে বৈশাখী মেলার আয়োজনও। মেলায় পাওয়া যাবে নানা ধরনের তৈজসপত্র, ঐতিহ্যবাহী মাটির খেলনা এবং নাগরদোলাসহ গ্রামীণ সংস্কৃতির নানা উপকরণ।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, প্রখ্যাত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুনসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। সমাপনী বক্তব্য দেবেন শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশীয় কোমল পানীয় ব্র্যান্ড মোজো।





