স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতা হল না লিওনেল মেসির। আসর শেষে শোনা গেছিল, আর্জেন্টিনায় না ফিরে ইন্টার মিয়ামিতে যোগ দেবেন তিনি। যদিও পরে পৃথক ফ্লাইটে বুয়েন্স আয়ার্সে ফেরেন কিংবদন্তি। আপাতত রোজারিওতে পরিবারের সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। এমনকি বিশ্বকাপের টানা খেলার ধকল কাটাতে এমএলএস অল-স্টার ম্যাচে খেলবেন না তিনি। এমএলএস কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি।
আগামী বুধবার নর্থ ক্যারোলিনার শার্লটে মুখোমুখি হবে এমএলএস অল-স্টারস বনাম মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারস। সেই ম্যাচে থাকছেন না ইন্টার মায়ামির অধিনায়ক মেসি। তার পাশাপাশি হুগো কুইপার্স, রদ্রিগো ডে পল ও এমবেকেজেলি এমবোকাজিও অল-স্টার ম্যাচ থেকে বাদ পড়েছেন।
এই চারজনের পরিবর্তে অল-স্টার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ইন্টার মায়ামির মিডফিল্ডার জানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মিডফিল্ডার আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর ফরোয়ার্ড গুইলার্মে এবং শিকাগো ফায়ারের ফরোয়ার্ড ফিলিপ জিঙ্কারনাগেলকে।
গত বছর অল স্টার ম্যাচে না খেলায় শাস্তির মুখে পড়েছিলেন ইন্টার মিয়ামির তারকা। সাধারণত চোট না থাকলে এমএলএস অল স্টার ম্যাচে অংশ নেওয়া বাধ্যতামূলক। তবে এবার বিশ্বকাপ এমএলএস মৌসুমের মাঝপথে অনুষ্ঠিত হওয়ায় লিগ সাত সপ্তাহের বিরতিতে ছিল।
এমএলএস আগেই জানিয়ে রেখেছিল, যেসব খেলোয়াড় নিজ নিজ দেশের হয়ে বিশ্বকাপের শেষ পর্যায় পর্যন্ত খেলবেন, তাদের অল-স্টার ম্যাচে অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। সেই সিদ্ধান্তের আওতায় ছাড় পেয়েছেন মেসিও।




