এমবাপের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে হারাল রিয়াল, বার্নাব্যুতে মরিনহোর রাজকীয় প্রত্যাবর্তন – DesheBideshe

এমবাপের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে হারাল রিয়াল, বার্নাব্যুতে মরিনহোর রাজকীয় প্রত্যাবর্তন – DesheBideshe


মাদ্রিদ, ২৭ আগস্ট – সান্তিয়াগো বার্নাব্যুতে দীর্ঘ ১৩ বছর পর ডাগআউটে ফিরলেন হোসে মরিনহো। পর্তুগিজ এই কোচের ফেরার রাতটিকে স্মরণীয় করে রাখলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তার বিধ্বংসী হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের মাধ্যমে মরিনহোর অধীনে লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিল স্প্যানিশ জায়ান্টরা।

এমবাপের তিনটি গোলের পাশাপাশি রিয়ালের হয়ে অন্য গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। সোসিয়েদাদের পক্ষে একমাত্র গোলটি আসে লুকা সুচিকের পা থেকে।

নতুন মৌসুমে দুর্দান্ত ফর্মের জানান দিয়ে এমবাপের রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারের গোলসংখ্যা এখন ১০৫ ম্যাচে ৮৯টি। ম্যাচের শুরুতেই বার্নাব্যুর দর্শকরা মরিনহোকে বিপুল করতালির মাধ্যমে স্বাগত জানান।

প্রথমার্ধের ৪০ মিনিটে ফেদেরিকো ভালভার্দের পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে রিয়ালকে এগিয়ে নেন এমবাপে। তবে বিরতির ঠিক আগে সার্জিও গোমেজের আক্রমণ থেকে সুচিকের গোলে সমতায় ফেরে সোসিয়েদাদ।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। ৬০ মিনিটে জুদ বেলিংহ্যামের সাথে দারুণ সমন্বয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। এর আট মিনিট পর বেলিংহ্যামের সহায়তায় ভিনিসিয়ুস জুনিয়র ব্যবধান ৩-১ করেন। ম্যাচের ৮০ মিনিটে ভিনিসিয়ুসের বাড়ানো বল থেকে নিখুঁত চিপে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে।

শেষ দিকে ব্রাহিম দিয়াজের একটি গোল ভিএআর এর মাধ্যমে বাতিল হলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় রিয়ালের।

এনএন/ ২৭ আগস্ট ২০২৬