
ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সৌদি আরব ও কাতারের সঙ্গে আলোচনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (১২ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের রিয়াদে ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম-১৭-এর ফাঁকে রোববার (১১ অক্টোবর) সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল-কাহতানি এবং কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী ও কাতার এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী সাদ শেরিদা আল-কাবির সঙ্গে পৃথক বৈঠক করেন অনিন্দ্য ইসলাম অমিত।
সৌদি প্রতিনিধির সঙ্গে বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা চাওয়া হয়। এ সময় দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা, স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ এবং স্থল ও সমুদ্র এলাকায় গ্যাস অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশের ২০৩০ সালের জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতার কাঠামো তৈরির ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করেন প্রতিমন্ত্রী। হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো এবং আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি।
কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা, বর্তমান এলএনজি আমদানি ব্যবস্থা এবং নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কাতার এনার্জির আন্তর্জাতিক পোর্টফোলিও থেকে এলএনজি সরবরাহ এবং সরবরাহের উৎস ও রুট বহুমুখী করার বিষয়টিও গুরুত্ব পায়। দুই পক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও কারিগরি আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়।
এ ছাড়া এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে. সেরহানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
বৈঠকগুলোতে বাংলাদেশ প্রতিনিধিদল ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




