জুলাই মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে এ বিষয়ে নতুন মূল্যহার জানানো হবে।
বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকোর ঘোষিত সৌদি সিপির ভিত্তিতে জুলাই মাসের জন্য বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। এদিন বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় কমিশনের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলপিজির নতুন মূল্যসংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে www.berc.org.bd প্রকাশ করা হবে।
এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়।




