এসএসসি পরীক্ষার ফল মেধার প্রকৃত মূল্যায়ন: শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন – DesheBideshe

এসএসসি পরীক্ষার ফল মেধার প্রকৃত মূল্যায়ন: শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন – DesheBideshe


এসএসসি পরীক্ষার ফল মেধার প্রকৃত মূল্যায়ন: শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন – DesheBideshe

ঢাকা, ১০ আগস্ট – চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও দক্ষতার শতভাগ নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেন, বিগত সরকারের আমলে কৃত্রিমভাবে পাসের হার কিংবা জিপিএ ৫ বাড়ানোর যে সংস্কৃতি চালু ছিল, বর্তমান গণতান্ত্রিক সরকার তা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতার চিত্র তুলে ধরে ড. মাহদী আমিন বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার গঠনের মাত্র দুই মাস পর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। প্রথমবারের মতো সারাদেশে একক প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা ও বডি ওন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে খাতার শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, যে শিক্ষার্থী যেভাবে পড়াশোনা করেছে, ফলাফল ঠিক সেভাবেই এসেছে। এর ফলে ফলাফলের ভালো বা মন্দের দিকে না তাকিয়ে মনে রাখতে হবে যে, এটিই শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন। যারা প্রত্যাশিত ফলাফল পায়নি, তাদের ভেঙে পড়ার কিছু নেই কারণ সরকার প্রতিটি শিক্ষার্থীর পাশে রয়েছে।

বিগত ১৬ বছরের শাসনে দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একটি ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে। শিক্ষা খাতের চলমান সংস্কার নিয়ে তিনি জানান, আগামী শিক্ষাবর্ষের জন্য পাঠ্যক্রম পরিমার্জন করা হচ্ছে এবং নতুন চারটি বই যুক্ত করা হচ্ছে।

এছাড়া তৃণমূল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে ক্রীড়া প্রতিযোগিতা ও স্টার্টআপ কম্পিটিশনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান শিক্ষা উপদেষ্টা। একই সাথে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান ভালো ফল করেছে তাদের অনুপ্রেরণা দিন এবং যেখানে ঘাটতি রয়েছে তা চিহ্নিত করে শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করুন।

এস এম/ ১০ আগস্ট ২০২৬