মাঠে সেনেগালের খেলোয়াড়দের প্রতিবাদ আর হতাশা ছিল চোখে পড়ার মতো। শেষ বাঁশি বাজবে কিছুক্ষণের মধ্যে, খেলা যাবে টাইব্রেকারে—এমন মুহূর্তে পেনাল্টি হজম করতে চাইবে না যে কেউই। কিন্তু বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে সেনেগালের বিপক্ষে এমন সিদ্ধান্তই দিয়েছেন রেফারি। সেই পেনাল্টিতে গোল করে বেলজিয়ামকে ৩-২ গোলের জয় এনে দিয়েছেন ইউরি টিলেমান্স।
ম্যাচের পর স্বাভাবিকভাবেই আলোচনায় রেফারির পেনাল্টির সিদ্ধান্তটি। ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলের মতে, পেনাল্টির সিদ্ধান্তটি সঠিক ছিল না। আইটিভিতে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে নেভিল বলেন, ‘আমার সত্যিই মনে হয় না এটা পেনাল্টি। টিলেমান্স যদি আগে বলে স্পর্শ করতেন, এরপর লাথি খেতেন, তাহলে পেনাল্টি দেওয়া যেত।’




