কবে, কোথায় হবে আশা ভোঁসলের শেষকৃত্য? | চ্যানেল আই অনলাইন

কবে, কোথায় হবে আশা ভোঁসলের শেষকৃত্য? | চ্যানেল আই অনলাইন

উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।রবিবার (১২ এপ্রিল) সকালে মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে জানিয়েছেন, সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে কিংবদন্তির শেষকৃত্য সম্পন্ন হবে।

তিনি বলেন, ‘মা আজ আমাদের ছেড়ে চলে গেছেন। আগামীকাল (সোমবার) সকাল ১১টায় লোয়ার প্যারেলে তাঁর নিজ বাসভবন ‘কাসা গ্রান্দে’-তে মরদেহ রাখা হবে। সেখানে ভক্ত ও গুণগ্রাহীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর বিকাল ৪টায় শিবাজি পার্কে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।’

দীর্ঘ ক্যারিয়ারে তিনি ১২ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। মিনা কুমারী, মধুবালার আমল থেকে শুরু করে কাজল বা ঊর্মিলা মাতন্ডকর সব প্রজন্মের নায়িকাদের কণ্ঠ দিয়েছেন তিনি। বহুমুখী প্রতিভার এই শিল্পী গজল, পপ থেকে শুরু করে ক্ল্যাসিকাল ধারার গানেও ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।

১৯৪৩ সালে ক্যারিয়ার শুরু করেন আশা ভোঁসলে। সংগীতপ্রেমীদের তিনি উপহার দিয়েছেন ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’, ‘পিয়া তু আব তো আজা’ থেকে শুরু করে মেলোডিয়াস গান ‘দিল চিজ কেয়া হ্যায়’— এর মতো জনপ্রিয় গান। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, আশাববিশ্বের সবচেয়ে বেশি স্টুডিও রেকর্ড করা শিল্পী।

‎হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার এবং পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন। –টাইমস নাও