কলকাতা শহরের শেরিফ হলেন ‘শঙ্খচিল’ নির্মাতা গৌতম ঘোষ | চ্যানেল আই অনলাইন

কলকাতা শহরের শেরিফ হলেন ‘শঙ্খচিল’ নির্মাতা গৌতম ঘোষ | চ্যানেল আই অনলাইন

কলকাতার শেরিফ মনোনীত হলেন ‘পদ্মা নদীর মাঝি’ ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’ খ্যাত কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। সাহিত্যিক শঙ্কর, সুনীল গঙ্গোপাধ্যায় অভিনেতা বসন্ত চৌধুরী, রঞ্জিত মল্লিকদের তালিকায় নবতম সংযোজন হয়েছেন তিনি।

সম্প্রতি চিঠি পাঠিয়ে গৌতম ঘোষকে জানানো হয় পদপ্রাপ্তির খবর। ২০২৪ সাল থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দায়িত্ব সামলেছেন পরিচালক। এবার তিনি পেলেন নতুন দায়িত্ব।

কলকাতা হাই কোর্টের সুপারিশক্রমে এবং রাজ্য সরকারের অনুমোদনে প্রতিবছর শহরে বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকে এক জনকে কলকাতা শেরিফ হিসাবে মনোনীত করা হয়। এটি অরাজনৈতিক ও সম্মানসূচক পদ। হাই কোর্ট ৩ জনের প্যানেল তৈরি করে এবং রাজ্যপাল তার মধ্যে থেকে শেরিফ নিয়োগ করেন।

নতুন চলচ্চিত্রের কাজে গৌতম ঘোষ এখন কলকাতার বাইরে আছেন। কলকাতার এক গণমাধ্যমকে ককে তিনি জানান, কলকাতা শহরের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। যদি ক্ষমতা দেওয়া হয় সেগুলি পুনরুদ্ধারের চেষ্টা করবেন তিনি।

গৌতম ঘোষ বলেন, শহর ও শহরবাসীর জন্য কিছু করার ইচ্ছে রয়েছে। তবে দায়িত্ব কতটা, কাজ করার জন্য কতটা ক্ষমতা পাবো এ বিষয়ে বিশদ আগে জানতে হবে।

চেন্নাই থেকে ফিরে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করবেন বলে জানান মনের মানুষ সিনেমার এই নির্মাতা। ঐতিহ্যবাহী শেরিফ পদটি অদ্যাবধি কেবল কলকাতা এবং মুম্বইয়ে বর্তমান।