কলকাতা হাইকোর্টে মামলা করলেন তৃণমূলের এমপি মহুয়া মৈত্র

কলকাতা হাইকোর্টে মামলা করলেন তৃণমূলের এমপি মহুয়া মৈত্র

আসন্ন ঈদুল আজহার ঠিক আগে পশু জবাইয়ের ওপর কড়াকড়ি আরোপ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেটাকে চ্যালেঞ্জ করে বুধবার কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছেন তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত লোকসভার সদস্য (এমপি) মহুয়া মৈত্রসহ বেশ কয়েকজন ব্যক্তি।

অন্যতম আবেদনকারী হিসেবে মহুয়া নিজে বুধবার আদালতে উপস্থিত থেকে আবেদনের পক্ষে প্রশ্ন (সওয়াল) করেন। মামলাকারীদের দাবি, এই কড়াকড়ির ফলে গ্রামীণ অর্থনীতি ও ধর্মীয় রীতিনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনের অধীন ১৩ মে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষ জবাইয়ের আগে পশুর একটি ‘ফিট সার্টিফিকেট’ বা সুস্থতার সনদ নেওয়া বাধ্যতামূলক। নির্দেশিকা অনুযায়ী, কেবল ১৪ বছরের বেশি বয়সী অথবা বার্ধক্য, স্থায়ী পঙ্গুত্ব ও নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত গবাদিপশুই কেনাবেচা করা যাবে। তবে পশুচিকিৎসকদের পরীক্ষার পরেই নির্দিষ্ট পশুটি জবাইয়ের যোগ্য বলে বিবেচিত হবে।