কাঁচাবাজার, ক্ষুদ্র ব্যবসায়ী ও মুদি দোকানকে করের আওতার বাইরে রাখা হবে বলে জাতীয় সংসদে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার ২৯ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, সরকার করনীতি প্রণয়নে বড় ধরনের সংস্কার আনতে কাজ করছে। কর প্রশাসনের পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত এবং হয়রানি কমাতে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেটে ভ্যাট পরিশোধের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সময় তিনি স্পষ্ট করে বলেন, আমি এ বিষয়ে আশ্বস্ত করতে চাই, কাঁচাবাজার, ক্ষুদ্র মুদি দোকান করের আওতার বাইরে থাকবে। এ নিয়ে কিছু উদ্বেগ ছিল। তাই আমি জোর দিয়ে বলছি, মুদি দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের আওতার বাইরে থাকবে।
এছাড়া অর্থমন্ত্রী জানান, সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় ড্যাশবোর্ড চালু করা হবে। এই ড্যাশবোর্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে এবং এর মাধ্যমে প্রকল্পগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।




