মাত্র ২১ দশমিক ৮৪ সেকেন্ডে কাগজের তুষারকণা তৈরি করে তৃতীয়বারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন বরিশালের নুসরাত জাহান নিপা। এর আগে চীনের এক প্রতিযোগীর গড়া ২৩ দশমিক ১৬ সেকেন্ডের রেকর্ডটি তিনি ভেঙে দিয়েছেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। সম্প্রতি তিনি এই রেকর্ডের আনুষ্ঠানিক গিনেস সনদ পেয়েছেন। তিনিই বাংলাদেশে প্রথম নারী, যার নাম তিনবার গিনেস গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে উঠেছে।
এর আগে তিনি ২০২১ সালে এক মিনিটে এক হাতে ৭১টি মুদ্রা সাজিয়ে এবং ২০২৪ সালে এক মিনিটে চপস্টিক দিয়ে ২৭টি চালের দানা তুলে রেকর্ড বইয়ে নাম লেখান।
বরিশাল নগরীর কলেজ রোডের বাসিন্দা নুসরাত জাহান নিপা। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর করে এখন বেসরকারি একটি কলেজে শিক্ষকতা করছেন।
নিপা বলেন, তার এই সাফল্য একাগ্রতা ও কঠোর পরিশ্রমের প্রতিফলন। বিশ্বমঞ্চে বাংলাদেশ ও তার নিজ শহর বরিশালকে তুলে ধরার পাশাপাশি তিনি নতুন নতুন রেকর্ড গড়া অব্যাহত রাখবেন বলে আশা করেন তিনি।




