কাতারকে বন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর | চ্যানেল আই অনলাইন

কাতারকে বন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর | চ্যানেল আই অনলাইন

দেশের বন্দর অবকাঠামোর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

গতকাল সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সারায়া আলী আল-কাহতানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ও কাতারের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বন্দর উন্নয়ন, সামুদ্রিক বাণিজ্য, লজিস্টিকস, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

নৌপরিবহনমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের বন্দর অবকাঠামোর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে। এ প্রেক্ষাপটে বন্দর অবকাঠামো উন্নয়ন, টার্মিনাল নির্মাণ, লজিস্টিকস এবং সংশ্লিষ্ট খাতে কাতারের বিনিয়োগকে স্বাগত জানানো হবে।

তিনি কাতারকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে বলেন, দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার মাধ্যমে আরও বিস্তৃত হবে বলে তিনি আশা করেন। কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের বন্দর ও নৌপরিবহন খাতের উন্নয়নের প্রশংসা করে এ খাতে সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও কাতারের জনগণের কল্যাণে বন্দর, নৌপরিবহন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।