বিশ্বকাপ উন্মাদনার ঢেউ আছড়ে পড়েছে কাজল আরেফিন অমি পরিচালিত সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এও। জনপ্রিয় এই সিরিয়ালটির চ্যাপ্টার ১৩-এর শেষ এপিসোডে দেখা যায় কট্টর ব্রাজিল সমর্থক কাবিলা ও আর্জেন্টিনা সমর্থক নেহালদের ম্যাচ।
সেই ম্যাচে ব্রাজিলকে ৩-০ গোলে রীতিমতো উড়িয়ে দেয় আর্জেন্টিনা। মাঠে জার্সি পরে খেলতে দেখা যায় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর টিম মেম্বারদের। চ্যাপ্টার ১৩-তে ব্রাজিল-আর্জেন্টিনার এই ম্যাচটি দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে।
দর্শকরা সবচেয়ে বেশি বিনোদিত হয়েছেন খেলা চলাকালে ফাউল হলে রেফারির বাঁশির সঙ্গে পিস্তল দেখানোর দৃশ্য দেখে। দৃশ্যটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ দেখা যাচ্ছে।
কাজল আরেফিন অমি চ্যানেল আই অনলাইনকে বলেন, “ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্ত কাবিলা, নেহাল, হাবু, পাশা, আরেফিন, বাচ্চু, মতলব, জাকির ও মালুদের নিয়ে যে ম্যাচটি দেখিয়েছি, সেটি শতভাগ ফেয়ার ম্যাচ। নির্ধারিত ৬০ মিনিটের খেলার পাশাপাশি আরও অতিরিক্ত ১০ মিনিট খেলা হয়েছে। খেলায় আমার কোনো হাত ছিল না, এমনকি কাউকে আমি ইচ্ছে করে জেতাইনি। তারা যেমন খেলেছে, ফলাফলও তেমনই এসেছে।”
মজা করে অমি বলেন, “কাবিলার ব্রাজিল দল সুপার এক্সাইটেড হয়ে সবাই গোল দিতে গিয়েছিল, তাই গোলও খেয়েছে। অন্যদিকে নেহালদের আর্জেন্টিনা দল ঠাণ্ডা মাথায় খেলেছে। আর্জেন্টিনা দলে সিনিয়র খেলোয়াড় ছিলেন, তাই তারা বেশি ঠাণ্ডা মাথায় খেলতে পেরেছেন।”
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা কয়েকজন তরুণের এক বাসায় বসবাস এবং তাদের সুখ-দুঃখ, আনন্দ, সংকট ও বাড়িওয়ালার সঙ্গে সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। প্রথম সিজন প্রচারের পর অমি নির্মিত এই সিরিয়ালটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
বর্তমানে এর পঞ্চম সিজন প্রচার হচ্ছে বুম ফিল্মস-এর ইউটিউব চ্যানেল, বঙ্গ ওটিটি এবং চ্যানেল আইয়ের পর্দায়। পরিচালনার পাশাপাশি এবার সিরিয়ালটি প্রযোজনাও করছেন কাজল আরেফিন অমি নিজেই।





